আবু বক্কর ছিদ্দিক , মহেশখালী
মহেশখালীর মাতারবাড়ীতে বেড়িবাঁধ সংস্কার করতে গিয়ে উল্টো ঝুঁকিই বাড়ছে এই বেড়িবাঁধের । কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীর পশ্চিমে ভেঙ্গে যাওয়া বেড়িবাঁধ সংস্কার করতে গিয়ে অক্ষত বেড়িবাঁধ গুলোকে ঝুঁকিতে ফেলছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। বেড়িবাঁধের গোড়া থেকে ড্রেজার দিয়ে বালি তুলে ভাঙ্গা অংশে ফেলায় নতুন করে ঝুঁকি তৈরি হচ্ছে । মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের পশ্চিমে সাইরার ডেইল এলাকায় তিন কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে । এর মধ্যে দেড় কিলোমিটার গত কয়েক সপ্তাহের ভারি বৃষ্টি ও জলোচ্ছাসে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে । স্থানীয়রা জানান , বাহির থেকে বালি না এনে বেড়িবাঁধের গোড়া থেকে গর্ত করে বালি তুলে জিওব্যাক দিয়ে বেড়িবাঁধ নির্মাণ করা হচ্ছে । তাতে আরো বেশী বেড়িবাঁধ ও আশেপাশের ঘরবাড়ী চরম ঝুকিঁতে রয়েছে । কিন্তু ঠিকাদারদের সঙ্গে যোগাযোগ করলেও তারা কোন কথা শুনছে না বলেও অভিযোগ করেন স্থানীয়রা । ড্রেজার মেশিন দিয়ে বালি তোলায় সৈকতে বড় বড় গর্ত তৈরি হয়েছে । এসব গর্তের পাশে অক্ষত বেড়িবাঁধ গুলো এখন ভেঙ্গে যাওয়ার উপক্রম হয়েছে । বেড়িবাঁধ নির্মাণকারী সাব ঠিকাদার সেলিম থেকে জানতে চাইলে তিনি বলেন , ২০/৩০ ফুট দুর থেকে বালি নেয়া হচ্ছে তাতে বেড়িবাঁধের কোন ক্ষতি হবে না । বেড়িবাঁধের পাশ থেকে বালি তোলার অনুমতি আছে কিনা জানতে চাইলে তিনি বলেন , এধরনের কোন অনুমতি নেই । কার নির্দেশে বেড়িবাঁধের কিনারা থেকে বালি নিচ্ছেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন , আমি এসব কিছু বলতে পারব না । এবিষয়ে ছাত্রলীগ নেতা জহিরের সাথে যোগাযোগ করেন তিনিই সব কিছু বলতে পারবে , আমি তার কাছ থেকে কাজ নিয়েছি । এদিকে টেকসই বেড়িবাঁধ নির্মাণের নামে প্রতি বছর এভাবে সরকারী অর্থ অপচয় করে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড এমনটি মন্তব্য করেন সচেতন মহল । সমুদ্র চর থেকে বালি উত্তোলন ঠেকাতে না পারলে এরকম হাজারো জিওব্যাক দিলেও বেড়িবাঁধ রক্ষা করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন স্থানীয় সুলীল সমাজ । টেকসই বেড়িবাঁধ নির্মাণের পাশাপাশি সমুদ্র চর রক্ষা করা প্রয়োজন বলেও মনে করেন তারা । একই সাথে ঐ চরে প্যারাবন সৃজিত করলে তা সাগরের ঢেউ এমনিতে বেড়িবাঁধে তেমন আঘাত করতে পারে না । তাই মাতারবাড়ীর পশ্চিমে সমুদ্র চর থেকে বালি উত্তোলন বন্ধ করে সেখানে প্যারাবন সৃজিত করার দাবী জানান পরিবেশবাদীরা । জানতে চাইলে পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী মো. ইসতিয়াক নয়ন বলেন, বাইরে থেকে বালি পাওয়া যাচ্ছে না বলে সৈকতের বালি উত্তোলন করতে হচ্ছে । ‘বাইরে থেকে আনতে গেলে বেড়িবাঁধ মেরামতের কাজ স্লথ হয়ে পড়বে, খরচও বেশি পড়বে । তাই আমরা সৈকত থেকে বালি নিচ্ছি । আপাতত আমরা ৮৭০ মিটার ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ মেরামতের কাজ করছি’, বলেন তিনি । সৈকত থেকে বালি উত্তোলনে অক্ষত বেড়িবাঁধ ও ঘরবাড়ীর ক্ষতি হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, সৈকতের যেখান থেকে বালি নেওয়া হচ্ছে জোয়ারের পানির সঙ্গে সঙ্গে সেটা ভরাট হয়ে যাচ্ছে । ফলে কোনো সমস্যা হবে না ।