আজ ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৬ ইং

ফরিদগঞ্জে দেশীয় প্রজাতির ডিমওয়ালা মাছ নিধন হচ্ছে কারেন্ট জালে

কে এম নজরুল ইসলাম :

বর্ষার পানি পুরোপুরি আসার আগেই ফরিদগঞ্জ উপজেলার নদী-নালা, খাল-বিল ও মাঠ-ঘাট ছেয়ে গেছে চায়না জালে। আর এসব জাল দিয়ে প্রাকৃতিক উৎসে ডিম দিতে আসা মা ও পোনা মাছ নিধন করছেন স্থানীয় মাছ শিকারিরা। উপজেলার সর্বত্র স্বল্প পানিতে দেখা যাচ্ছে এই জাল। জালের মালিকরা বলছেন, ‘এমন কোনো মাছ নেই, যা এই জালে ধরা না পড়ে।’ মৎস্য কার্যালয় বলছে, ‘এই জাল সর্বনাশা। এটা বন্ধ করা হবে।’

উপজেলার নদীতীরবর্তী এলাকা সহকারে চরকুমিরা, চররামপুর, গোয়ালভাওর, হাঁসা, ধানুয়া, গাজীপুর, চান্দ্রা ও নয়াহাটের নিচু এলাকাগুলোতে ঘুরে সারি সারি কারেন্ট জাল পেতে রাখা অবস্থায় দেখতে পাওয়া যায়। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় যেখানেই একটু পানি জমেছে, সেখানেই এই জাল পাতা হচ্ছে। আর অবাধে ধরা হচ্ছে ডিমওয়ালা দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ। জৈষ্ঠ্য-আষাঢ় মাস হচ্ছে মাছের প্রজননকাল। চায়না কারেন্ট জাল দিয়ে মাছ ধরার কারণে নতুন পানিতে মা মাছ ডিম ছাড়তে পারছে না। যার ফলে প্রাকৃতিকভাবে মাছের উৎপাদন হ্রাস পাচ্ছে। পোনা মাছও ধরা পড়ছে এই জালে। এভাবে অবাধে ডিমওয়ালা মাছ ও পোনা মাছ ধরলে মাছের অভাব দেখা দেবে। যদিও গ্রামাঞ্চল থেকে ইতোমধ্যে হারিয়ে গেছে বহু প্রজাতির দেশীয় মাছ।

চরমথুরা গ্রামের ইমান গাজী বলেন, ‘পানিতে যদি মাছ থাকে তবে চায়না জালে তা ধরা পড়বে। লোহার রডের সাথে পেঁচিয়ে বিশেষভাবে তৈরি বর্গাকৃতির এই ঘন জালটি মাছের জন্য সর্বনাশা ফাঁদ।’

চির্কা গ্রামের মাছ শিকারি রুহুল আমিন পাটওয়ারী বলেন, ‘এই জালের দাম একটু বেশি হলেও পোষায়। এত মাছ অন্য কোনো জালে ধরা পড়ে না।’

গোয়ালভাওরের মোবারক মিয়া চায়না জাল দিয়ে মাছ ধরে বাজারে নিয়ে যাচ্ছিলেন। তার ঝুড়িতে ছোট পোনা থেকে শুরু করে ১০ থেকে ১২ ইঞ্চি লম্বা টাকি মাছও দেখা যায়। এসব মাছের অধিকাংশই ডিমওয়ালা। ডিমওয়ালা মাছ ধরা ঠিক কী-না জানতে চাইলে মোবারক মিয়া বলেন, ‘আমরা গরীব মানুষ। সংসার চালানোর জন্য মাছ ধরি। ভালো-মন্দ বুঝি না বাপু।’

উপজেলার সচেতন মহল বলেন, ‘করোনাভাইরাস পরিস্থিতিতে মানুষ কর্মহীন হওয়ায় এসব মাছ ধরা আরও বেড়েছে। আগে যেসব লোক অন্য কাজকর্ম করে ব্যস্ত সময় পার করতেন, এখন তারা অনেকেই এসব মাছ ধরছেন। তবে, যারা প্রকৃতপক্ষে মাছের কারবার করেন কিংবা মাছ ধরা যাদের বংশগত পেশা, তারা কখনও এই জাল দিয়ে মাছ ধরেন না। শুধু মৌসুমী মাছ শিকারিরাই এমন সর্বনাশা কাজ করতে পারেন।’

উপজেলার ফরিদগঞ্জ সদরস্থ বাজারসহ পাশ্ববর্তী বাজারগুলোতে চায়না কারেন্ট জাল বিক্রি হচ্ছে দেদারসে। দেখা গেছে প্রতিটি বাজারেই দশ-বারোটি দোকানে এ জাল বিক্রি করা হচ্ছে। কেউই মানছে না সরকারি নিষেধাজ্ঞা।

নয়াহাট বাজারে চায়না জাল বিক্রি করেন এমন একজন বিক্রেতা বলেন, ‘বর্তমানে চায়না কারেন্ট জালের খুব চাহিদা। প্রতি ফুট জাল প্রায় ৬০ থেকে ৯০ টাকা দরে বিক্রি হচ্ছে। অনেক ক্রেতা আছেন চল্লিশ থেকে পঞ্চাশ ফুট জাল ক্রয় করে থাকেন।’

এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা বলেন, ‘চায়না জাল, কারেন্ট জালসহ যে জাল দিয়ে পোনা মাছ ধরা হয় সেসব জাল আমাদের দেশে নিষিদ্ধ। রেগুলারই আমরা নিষিদ্ধ জালের বিষয়ে ইউএনও স্যার ও এসিল্যান্ড স্যারের নেতৃত্বে অভিযান পরিচালনা করে থাকি। যেখানেই আমরা সংবাদ পাবো, সেখানে গিয়ে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করে থাকব। শুধু বিক্রেতাই নয় যারা এই মাছ নিধনকারী, তাদেরও আমরা শাস্তির আওতায় আনবো। আমরা আমাদের পক্ষ থেকে সবসময়ই সচেতনতা বৃদ্ধির জন্য মাইকিং করি। তবুও অনেক অসাধু মানুষ আছে এসব আইন অমান্য করে থাকে।’

তিনি আরও জানান, ‘আসলে আমরা জনগণরাই সচেতন না। যদি জনগণ সচেতন হতো তাহলে কেউই নিষিদ্ধ কাজ করতে সাহস পেতো না। এখন প্রধান কাজ হচ্ছে কারেন্ট জাল বিক্রেতা এবং ক্রেতা উভয়কেই সচেতন হতে হবে, তাহলেই এসব থেকে পরিত্রাণ মিলবে। সবাইকেই প্রশাসনের সঙ্গে এগিয়ে আসা উচিত।’

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ