নিজস্ব প্রতিবেদক :
সাভারের আশুলিয়ায় মাদক ব্যবসা ও পাওনা টাকা চাওয়ায় জয়নাল আবেদীন (৬০) নামের এক বৃদ্ধকে শ্বাসরোধ করে হত্যা করেছে পার্শ্ববর্তী ভাড়াটিয়া এক তরুন। ঘটনার পর থেকে ঘাতক তরুণ পলাতক রয়েছে।
শুক্রবার (২ জুলাই) আশুলিয়ার ভাদাইল এলাকার হাজী লাল মিয়া মসজিদের সামনে লতিফ ভান্ডারীর ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। আজ ভোররাতে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় নিহতের ছেলে আবু তালেব (২৬) বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
নিহত জয়নাল আবেদীন রংপুর জেলার পীরগাছা থানার ষাটভিটা এলাকার মৃত বারোমনছেরের ছেলে। ছেলে, মেয়ে ও স্ত্রীকে নিয়ে তিনি ওই এলাকায় ভাড়া থেকে গাঁজার ব্যবসা করতে বলে জানিয়েছে পুলিশ। তবে ঘাতক ওই তরুণের নাম পরিচয় পাওয়া যায় নি। সে নিহতের ছেলে আবু তালেবের বন্ধু ছিল।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত জয়নাল ওই তরুণ বৃদ্ধ জয়নালের কাছে ২০ হাজার টাকা ধারে নিয়েছিলেন। এই টাকা ফেরত চাইলে টালবাহানা করেন তরুণ। টাকা ফেরত না দিলে গাঁজা বিক্রির কথা ফাঁস করে দিয়ে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দিতো জয়নাল। ধারের এই ২০ হাজার টাকা চাওয়ায় সুযোগ বুঝে রাতের কোন একসময় শ্বাসরোধ করে হত্যা করে জয়নালকে। ঘটনার পরেই ওই তরুণ পালিয়ে যায়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হাচিব বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এঘটনায় নিহতের ছেলে তালেব বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামি ওই তরুণের বিস্তারিত পরিচয় শনাক্তসহ তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।