ইব্রাহীম খলিল সবুজ – চাঁদপুর জেলা প্রতিনিধিঃ
চাঁদপুরের শাহরাস্তিতে দুর্বৃত্তদের হাতে অবসরপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা নুরুল আমিন (৬৫) খুন হয়েছেন এবং সেইসাথে তাঁর স্ত্রী কামরুন্নাহারকে (৫৫) রক্তাক্ত অবস্থায় পুলিশ উদ্ধার করেন।
বৃহস্পতিবার (০১ই জুলাই) সকালে শাহরাস্তি উপজেলার পৌর ৪নং ওয়ার্ডের নাওড়া গ্রামের (রেল ক্রসিং সংলগ্ন) আমিন সাহের বাড়ির নূরুল আমিন দূর্বৃত্তদের হাতে নিহত হয়েছেন।
গুরুতর আহত অবস্থায় তার স্ত্রী কামরুন নাহারকে পুলিশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক পুলিশি সহযোগীতায় ঢাকায় উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেন।
পুলিশ প্রশাসন ও প্রত্যাক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায় যে,
ঘটনার দিন সকালে নাওড়া পাটওয়ারী বাড়ি মসজিদের সভাপতি শামছুল আলমের কাছে নিহতের মেজু মেয়ে কল করে জানান তার বাবার ফোন বন্ধ রয়েছে। ওই সময় শামছুল আলম বাড়িতে গিয়ে দেখেন বাড়ির প্রধান ফটকে তালা মারা।
এ সময় শামসুল আলম সাথে এক যুবক ৯৯৯ নম্বরে কল করে ঘটনার বিস্তারিত পুলিশকে জানায়।
ঘটনাস্থলে ভবনের জানালা দিয়ে নিহতের স্ত্রীকে আহত অবস্থায় দেখতে পায় প্রত্যক্ষদর্শীরা। শাহরাস্তি থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল মান্নান খবর পেয়ে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করার কথা বললে তারা পুলিশ আসা পর্যন্ত অপেক্ষা করে। পুলিশ এসে প্রধান ফটকের তালা ভেঙ্গে গুরুতর আহত কামরুন্নাহারকে দ্রুত চিকিৎসার জন্য এম্বুলেন্স যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
নিহত নূরুল আমিনের লাশ ঐ ভবনের ছাদে পাওয়া যায়। ওই সময় তার মুখে পায়ের মৌজা ও মাথায় কোপের আঘাত দেখতে পায়। এমনকি তার শরীরের সকল স্থানে পোকামাকড় দেখা যায়।
স্থানীয়রা জানায়, নিহত নূরুল আমিন নাওড়া পাটওয়ারী বাড়ি জামে মসজিদের সাধারণ সম্পাদক। প্রায় ৭-৮ বছর পূর্বে বড়ুরা সমাজসেবা কার্যালয় থেকে অবসর গ্রহণ করেন। তার স্ত্রী একই কার্যালয়ে কর্মরত থেকে ৬ মাস পূর্বে অবসরপ্রাপ্ত হন।
তিন মেয়ে ও এক ছেলে পরিবার পরিজন নিয়ে ঢাকায় বসবাস করে। অবিবাহিত ছোট মেয়ে তার ভাইয়ের বাসায় ছিলেন।
এই বিষয়ে প্রত্যক্ষদর্শী ও নিহতের বন্ধু শামছুল আলম বলেন, মেজু মেয়ের কল পেয়ে দ্রুত তার বাড়িতে যাই ও পুলিশকে জানাই।
মেজু মেয়ে জান্নাতুল নূর মিলি জানায়, ২৯ই জুন বাবার সাথে কথা হয়। আমার ছোট বোনের সেশন ফির জন্য ব্যাংক থেকে ৩৫ হাজার টাকা উত্তোলন করেছেন বলে জানিয়েছিলেন। এরপর থেকে আর ফোনে পাওয়া যায়নি।
শাহরাস্তি থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল মান্নান জানান, প্রাথমিকভাবে এ ঘটনায় কাউকে আটক বা সন্দেহ করা হয়নি।
অতিরিক্ত পুলিশ সুপার (শাহরাস্তি সার্কেল) মো. আবুল কালাম ভূঁইয়া জানান, ঘটনাস্থলের সকল আলামত উদ্ধার করা হয়েছে। আশা করছি দ্রুত খুনীদের সন্ধান পাবো।
চাঁদপুর জেলা সহকারী পুলিশ সুপার(অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায় ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বিবৃতিতে বলেন, প্রাথমিকভাবে মাথায় আঘাত ও মুখে মৌজা পেয়েছি। ছাদের দরজা খোলা ছিলো। ঘটনা তদন্তাধীণ।
ঘটনাস্থল পিবিআই, সিআইডি ও ডিবি সহ সকল গোয়েন্দা সংস্থার কর্মকর্তাগণ তদন্ত করেছেন।