আবু বক্কর ছিদ্দিক , মহেশখালী :
কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্রভাবশালীদের কবল থেকে সরকারি জমি দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন । ৩০ জুন (বুধবার) দুপুরে কুতুবজোমের ঘটিভাঙ্গা ব্রীজ এলাকায় যৌথ অভিযানে ৮০ একর জমি দখলমুক্ত করা হয় । প্যারাবন কেটে ও নদীর চর দখল করে নির্মিত চিংড়ি ঘেরের বাঁধ কেটে দেয়ার পাশাপাশি পাঁচটি সাইনবোর্ড গুড়িয়ে দেয়া হয়েছে । গত ২৯ জুন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মহেশখালী আঞ্চলিক শাখার একটি টিম ওই এলাকা পরিদর্শনে যান । প্যারাবন ধ্বংস ও নদীর চর দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসনকে আহবান জানিয়ে ছিলেন বাপা । মহেশখালী উপজেলা প্রশাসন বিষয়টি নজরে এনে এ অভিযান পরিচালনা করা হয় । অভিযানে নেতৃত্বদানকারী মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান বলেন, ‘আশ্রয়ণ প্রকল্পের জমি দখল করে চিংড়ি ঘের তৈরী করছিল স্থানীয় একটি চক্র । বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসন ও বনবিভাগের সহায়তায় দখলমুক্ত করেছি । উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ঘটিভাঙ্গায় আশ্রয়ণ কেন্দ্র নির্মাণ করছে । সোনাদিয়ায় উন্নয়ন প্রকল্প নির্মাণের সুবাদে ওই এলাকার পরিবার গুলোকে ঘটিভাঙ্গার এ আশ্রয়ণ কেন্দ্রে পুনর্বাসন করা হবে । অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান ছাড়াও মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাই , ঘটিভাঙ্গা বিটের কর্মকর্তা নুর হোসেন চৌধুরী , পুলিশ সদস্য ও বনরক্ষীরা সঙ্গে ছিলেন ।
উল্লেখ্য গত ২৯ জুন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মহেশখালী আঞ্চলিক শাখার একটি টিম মহেশখালীর সোনাদিয়া-ঘটিভাঙ্গায় পরিদর্শন করেন । সোনাদিয়া লাগোয়া ঘটিভাঙ্গায় প্যারাবন কেটে ও নদীর চর দখল করে চিংড়ি ঘের নির্মাণ করছে ঘটিভাঙ্গার মৎস্যজীবী সমিতি নামের একটি সংগঠন । বিষয়টি উপজেলা প্রশাসনকে তাৎক্ষণিক অবহিত করেন বাপা মহেশখালী আঞ্চলিক শাখা । এবং পর দিন স্থানীয় দৈনিক আজকের দেশবিদেশ পত্রিকা ও অনলাইন পোর্টাল দৈনিক আগামীর সংবাদে , সংবাদ প্রকাশ হলে একই দিন দুপুরে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমানের নেতৃত্বে সোনাদিয়া-ঘটিভাঙ্গায় অভিযান চালিয়ে অবৈধ দখলদারের হাত থেকে উদ্ধার করা সরকারী জায়গা ।