আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

বোরো ধানের আশানুরূপ ফলনে ফরিদগঞ্জের কৃষকদের মুখে চওড়া হাসি 

কে এম নজরুল ইসলাম : 
বিস্তীর্ণ মাঠ জুড়ে সবুজ আর সবুজ, সবুজের সমারোহ। এলোমেলো সমীরণে দোল খাচ্ছে কাঁচা-পাকা ধানের ছড়া। আর তা দেখে নেচে-গেয়ে উঠছে কৃষকের আশাবাদী মন। কৃষকদের মাঝে চলছে ধান কাটার প্রস্তুতি। প্রতিটি ধানের ক্ষেতে যেন ফুটে উঠেছে সোনালি আভা। সেই আভায় রঙিন হয়েছে মাঠের পর মাঠ। কয়েকদিনের মধ্যেই কৃষকেরা পুরোপুরি ঘরে তুলবে স্বপ্নের বোরো। চাঁদপুরের ফরিদগঞ্জে চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। এই খুশিতে কৃষকের চোখে-মুখে ফুটে উঠেছে হাসির রেখা।
প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ রোধে যখন সবাই দিক্বিদিক, তখন আশার আলো দেখাচ্ছে ফরিদগঞ্জ উপজেলার কৃষকের মাঠে সোনালী বোরো ধানের বাম্পার ফলন। একদিকে করোনাকে প্রতিরোধের চেষ্টা, অন্যদিকে কৃষকদের তাড়া চলছে পাকা ধানে গোলা ভরার। উত্তরাঞ্চলের মতো অতটা না হলেও বাংলাদেশের কৃষিখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে শস্যভাণ্ডার খ্যাত চাঁদপুর জেলা। এদিকে শস্য উৎপাদনে চাঁদপুরের ফরিদগঞ্জের সুনাম রয়েছে দেশজুড়ে।
উপজেলার ধানুয়ার বিল ও চর, চরকুমিরার চর, নয়াহাট ও হাঁসার বিল, চরমথুরা ও চরভাগলের বিল, গোবিন্দপুরের নদীতীরবর্তী ধানী বিল, চরসাফুয়া, চরবড়ালি সহকারে বেশকিছু গ্রামে সরেজমিনে গিয়ে দেখা যায় মাঠে নাচছে হলুদ ধানের ছড়া। আদিগন্ত মাঠ জুড়ে চাষ হওয়া বোরো ধানের প্রান্তিক কৃষকদের চোখে উজ্জ্বল চাহনি ও রোদে পোড়া মুখের ঠোঁটের কোণে সুখের হাসি। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় এবং প্রাকৃতিক দুর্যোগ তেমনভাবে দেখা না দেয়ায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে বলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এ উপজেলার বেশ কজন চাষী।
প্রকৃতিতে সাম্প্রতিক সময়ে কালবৈশাখীর আগমন ঘটেছে। ঝড়োহাওয়া ও বৃষ্টির ফলে কিছু কিছু ক্ষেতের ধান নুয়ে পড়ে থাকতে দেখা গেছে। তাই কৃষকদের মধ্যে পাকা ধান কেটে দ্রুত ঘরে নিয়ে আসার তাড়া লক্ষ্য করা গেছে। ইতোমধ্যে অনেকেই পাকা ধান কেটে ঘরে তোলা শুরু করেছে। তাদের ভেতরে সতর্কতা অবলম্বনের ছাপ স্পষ্ট। যদিও অনুমান করা হচ্ছে এক তৃতীয়াংশ ধান কাটা এখনও বাকী রয়েছে।
গোবিন্দপুর উত্তর ইউনিয়নের মধ্য চাঁদপুর গ্রামের বর্গাচাষী আব্দুস ছালাম বেপারী জানান, চলতি বছরে ধানের তেমন কোনো রোগবালাই না থাকার ফলে এবছর ধানের বাম্পার ফলন হয়েছে। উপজেলা কৃষি অফিস থেকে বিভিন্ন সময়ে ভালো পরামর্শ পেয়েছি। তাদের দেখানো পথেই আমি ধান চাষ করে থাকি। এবছর আমি মোট ৫০ শতাংশ জমিতে বোরো ধানের চাষ করেছি। ফলন ভালোই হয়েছে সকলের দোয়ায়।
এই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কৃষক মিজানুর রহমানের সঙ্গে দেখা হয় হাঁসা বিলে। দলবল নিয়ে তিনি ধান কাটায় মগ্ন। তাকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, এ বছরে ১২৫ শতাংশ জমিতে ধান বুনেছি। আলহামদুলিল্লাহ ধানের ফলন খুবই ভালো হয়েছে। প্রতি শতাংশে কমপক্ষে ১ মণ ধান হবে বলে আশাবাদী। তবে ধানের বেপারীরা ন্যায্যমূল্য দিচ্ছে না কৃষকদেরকে। সরকার যদি আমাদের মতো গ্রামের কৃষকদের ধান কিনে নেয়, তাহলে আমাদের জন্য ভালো হয়।
সেখানে কথা হয় আরও একজন কৃষক জহিরুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, এই বিলের এক চতুর্থাংশ ধান কাটা শেষ হয়ে গেছে। হাইব্রিড জাতের ধান একটু দেরিতে পাকে, আর সেগুলোই দেরিতে কাটা হবে। ঝড়বৃষ্টি না হলে কৃষকের হাসি অক্ষুণ্ণ থাকবে।
উপজেলার কয়েকজন কৃষি অফিসারের সূত্রে জানা গেছে চলতি বছর ৯,৯৫০ হেক্টর জমিতে বোরোধান চাষ হয়েছে। লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪০,৬০৮ মেট্রিক টন। বড় ধরনের কোনো দুর্যোগ না হলে প্রতি বিঘায় ২০/২৫ মণ হারে ধান উৎপাদন হতে পারে বলে জানিয়েছেন কৃষি অফিসাররা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ