মনিরুল ইসলাম মেরাজ। শ্রীপুর প্রতিনিধিঃ
গাজীপুরে মাদক ব্যবসায়ীদের পুলিশে ধরিয়ে দেয়ায় স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি ইমরান মন্ডল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
বুধবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ নাজমুন্নাহারের আদালতে স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যার কথা স্বীকার করেন তিনি। এ সময় তার দেয়া তথ্যের ভিত্তিতে শ্রীপুরের দুই নাম্বার সিএন্ডবি এলাকায় অভিযান চালিয়ে জাহিদুল ইসলাম নামে আরেক জনকে গ্রেফতার করে পুলিশ।
মালার তদন্তকারী কর্মকর্তা রফিকুল ইসলাম ও আদালতের একটি সূত্র স্বীকারোক্তিমূলক জবানবন্দি বিষয়ে জানায়, আদালতে নিজেদের দোষ স্বীকার করেছেন গ্রেফতারকৃত আসামিরা। তারা আদালতকে জানান, দুই দফা রাসেল রানাকে পেটানো হয়। প্রথমে ইমরান মন্ডল ও তার সাথে থাকা বেশ কয়েকজন তাকে (রাসেল রানা) পেটায়। পরে লবলং খালের পাড়ে এনে পেটায় লিংকন মাঝি ও তার সাথে থাকা বেশ কয়েকজন। আদালত সূত্র আরও জানায়, ওই এলাকার খনকার বাড়ি মোড় নামক স্থানে প্রথমবার রাসেল রানাকে পিটিয়েছে তারা। পরে সেখান থেকে খালপাড়ে এনে দ্বিতীয় দফা আবারও পিটুনি দেয়।
এর আগে গত ২৫ আগস্ট রাসেল রানার দেওয়া তথ্যের ভিত্তিতে ইমরান মন্ডল পুলিশের হাতে আটক হয়েছিলেন। ইমরান মন্ডল মূলত মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। তখন থেকেই রাসেল রানার সাথে বিরোধের সৃষ্টি হয় ইমরান মন্ডল ও অন্যান্যদের। গত ৫ সেপ্টেম্বর ইমরান মন্ডল তার সহযোগী লিংকন মাঝি, জাহিদুল ইসলাম, মামুন, বাবু সহ আরো বেশ কয়েকজনকে নিয়ে রাসেল রানাকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে হত্যা করে। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের চারদিন পর মূলহোতা ইমরানকে ময়মনসিংহের ভালুকা থেকে গ্রেফতার করে পুলিশ।
নিহত রাসেল স্থানীয় বারতোপা শিশু কানন একাডেমী এন্ড হাইস্কুলে শিক্ষকতা করতেন।