আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

করোনায় ছাত্র-ছাত্রীদের জন্য বিশ্ববিদ্যালয় শিক্ষকের পরামর্শ

 

রংপুুর সদর প্রতিনিধি :

উচ্চ শিক্ষা অর্জনে উত্তরবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রংপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসা অগণিত মেধাবী শিক্ষার্থীদের বিচরণের এক উর্বরভূমি এ শিক্ষা প্রতিষ্ঠানটি।এ শিক্ষা প্রতিষ্ঠানের একজন সৎ,মানবিক এবং শিক্ষার্থীবান্ধব শিক্ষকের নাম শেখ মাজেদুল হক।ন্যায় নীতির পথে সদা অবিচল থাকা এ শিক্ষকের একমাত্র ভাষ্য আমার শিক্ষার্থীরা ভাল থাকলেই কেবল আমি ভাল থাকি।তিনি মনে করেন ছাত্র-শিক্ষকের সুনিবিড় সম্পর্কই পারে একটি জাতিকে বদলে দিতে।সার্বক্ষণিক সাহচর্য ও নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীদের মধ্যে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভা জাগ্রত করে তাদের সুশিক্ষা দান করতে পারাটাই হোক একজন শিক্ষকের জীবনে সবচেয়ে বড় প্রশান্তি ও আত্নতৃপ্তির জায়গা।আজ সারাদেশের শিক্ষার্থীরা করোনা ভাইরাসের মহামারী প্রাদুর্ভাবে ভুগছে। করোনার এই দুঃসময়ে মানসিক ভাবে অনেকটা দুর্বল ও হতাশ হয়ে যাওয়া শিক্ষার্থীদের সার্বিক জীবন যাপনের রূপ কেমন হওয়া উচিত সে ব্যাপারে কথা হয় মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক শেখ মাজেদুল হকের সাথে। এসময় দৈনিক আগামীর সংবাদের রংপুর সদর প্রতিনিধিকে দেওয়া লিখিত বক্তব্য পাঠকদের উদ্দেশ্যে আজ তুলে ধরা হল: ‘শিক্ষার্থীদের করোনায় করণীয়’

প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আসসালামু আলাইকুম,
বিশ্বব্যাপী চলমান কোভিড ১৯ এর মহামারী প্রাদুর্ভাবের সময়ে লেখাপড়া নিয়ে কেউ একটুও চিন্তা করবেন না। বেঁচে থাকলে, সুস্থ থাকলে ইনশাআল্লাহ্ সব হবে।কেউ মোটেও মানসিকভাবে দুর্বল কিংবা হতাশ হবেন না। আমরা অক্সিজেন এখনো নিতে পারছি এটাই এখন জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।জানি না কি হবে। যে কোনো মুহুর্তে নিঃশ্বাস বন্ধ হয়ে আমাদের মধ্যে কেউ হয়ত মারাও যেতে পারি।এখন পর্যন্ত আমাদের দেশের শিক্ষার্থীরা করোনা ভাইরাসে ব্যাপকভাবে আক্রান্ত হয়নি যা সবার জন্য অত্যন্ত স্বস্তিদায়ক। মহান রবের নিকট আকুল প্রার্থনা তিনি যেন বিশ্বকে এই মহামারী থেকে অতি দ্রুত মুক্ত করে দেন। সকলের কাছেই এক উদ্বেগ আর উৎকণ্ঠা কবে আবার পৃথিবীর সব কিছু সুন্দর ও স্বাভাবিক হয়ে উঠবে। তবুও জীবন।পরিবর্তিত পরিস্থিতিতে খাপ খেয়ে নিজেকে সুস্থ রাখতে পারাটাই এই মুহুর্তে আমাদের জন্য সবচেয়ে বড় সফলতা। করোনার এই দুঃসময়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো দীর্ঘ দিন ধরে বন্ধ রয়েছে।তাই শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা অত্যন্ত উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। কি হবে?কবে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান?এমতাবস্থায় যেহেতু সহসাই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলছেনা সেহেতু আমাদের ঘরেই চলুক জ্ঞান অর্জন।
প্রত্যেকের ঘরেই তৈরি হোক একেকটা লাইব্রেরী।
ঘরে বসে নিজে নিজে বিষয়ভিত্তিক টপিকস ধরে বুঝে বুঝে যতটুকু পারেন রিডিং পড়ুন , অনুধাবন করুন। বইয়ের প্রতিটি অধ্যায়ের শেষে থাকা অনুশীলনীর প্রশ্নাবলীর সমস্যা সমাধানে চেষ্টা করুন। ক্লাস করা ও যাতায়াতের সময়টা এখন বেঁচে যাচ্ছে। ক্লাসে আপনার যে শক্তি ব্যয় হতো তা এখন ঘরে বসে কাজে লাগান।টপিকস অনুযায়ী গুগল কিংবা ইউটিউব ভিডিওর সাহায্য নিতে পারেন। এটা অত্যন্ত দুঃখজনক যে প্রায় সারাদেশব্যাপী মোবাইল ফোন অপারেটর কর্তৃক সরবরাহকৃত ইন্টারনেটের গতি অত্যন্ত কম ও সেবা মান প্রায়শঃই নিম্নমানের।এরপরও এ ব্যাপারে কারো কোনো মাথাব্যাথা বা আগ্রহ নেই। প্রকৃতপক্ষে দেশে দশ কোটি ইন্টারনেট গ্রাহক দাবী করা হলেও দশ কোটি প্রকৃত ব্যবহারকারী নেই। আর দেশে ইন্টারনেট ব্যবহারকারীর বেশীর ভাগই ফেসবুক ব্যবহার করে।সেক্ষেত্রে ফেইসবুককে শিক্ষণ ও বিস্তার লাভে তথ্য উপাত্ত নির্ভর নতুন কনটেন্ট এর মাধ্যমে দেশ বিদেশের ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, ধর্ম,সংস্কৃতি সম্পর্কিত সম্যক জ্ঞান আহরণের মাধ্যম করা যেতে পারে।ফেইসবুকে যাচাই বাছাই করে তথ্যবহুল পেইজ কিংবা গ্রুপে এড হতে পারেন।এটাও মনে রাখা উচিত হাজার হাজার ফেইসবুক বন্ধু থাকার চাইতে জ্ঞানী গুনী অনুসরণীয় ও অনুকরণীয় অল্প বন্ধু থাকা ভালো। যাদের লেখা জীবন চলার পথে অনুপ্রেরণা যোগায়।সেই সাথে বাসায় বসে সিলেবাসের বাইরের পড়াশোনা, চাকুরীর পড়াশোনা এবং গল্প ও উপন্যাস যা আপনাদের ভালো লাগে নিজ দায়িত্বে পড়তে থাকুন ও নিজ আয়ত্বে আনুন। নিজেকে যতটুকু পারেন সমৃদ্ধ করেন। ছেলে-মেয়ে নির্বিশেষে বাড়ির কাজে একে অপরকে সাহায্য করুন । বড় ভাই, ছোট ভাইকে শিক্ষাদান করাতে পারেন। যে টিউশনটা বাহিরে করাতেন সেটা নিজেরাই নিজেদের পরিবারের মধ্যে একে অপরকে করান।

সহসা করোনা ভাইরাস থেকে হয়তো আমাদের মুক্তি নেই। অনেক ধৈর্য্য ধরতে হবে। সর্বদা প্রার্থনা করেন সর্বশক্তিমান মহান স্রষ্টার কাছে। প্রাণভরে দোয়া করেন সবার জন্য।
সর্ব অবস্থায় পরিবর্তনকে করতে হবে আলিঙ্গন।আপনি এখনোও সুস্থ আছেন এটা ভেবে সবসময় স্রষ্টার দরবারে কৃতজ্ঞতা ও শোকর আদায় করুন।
সবসময় ভরসা রাখুন মহান আল্লাহ রাব্বুল আলামীনের উপর।
জীবন সব সময় পরিকল্পনা করে চালানো যায় না পরিচর্যায় চালাতে হয়।
আবেগ,বিবেক ও ত্যাগ নিয়েই আমাদের বেঁচে থাকা।
জীবন নামের রেল গাড়ীটা চলতেছে চলবে.. তাই বলছি
যা হয়েছে, তা ভালই হয়েছে, যা হবে তা ভালই হবে ইনশাআল্লাহ। আপনার জীবনে কি হারিয়ে গেল যে আপনি কাদছেন?আপনি কি নিয়ে এসেছিলেন যা আপনি হারিয়ে ফেলেছেন?আপনি কি সৃষ্টি করেছন যা নষ্ট হয়ে গেছে? আপনি যা নিয়েছন এখান থেকেই নিয়েছন। যা দিয়েছেন তা এখানেই দিয়েছেন। আপনার আজ যা আছে,কাল তা অন্য কারো ছিল, পরশু এটা অন্য কারো হবে। পরিবর্তনই সংসারের নিয়ম।
শান্তিময় ও নিরাপদ হোক সকলের পথ চলা। এই করোনাকালে প্রত্যেকের নিরাপদ জীবন প্রত্যাশা করছি। যতটুকু সম্ভব নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাফেরা করুন, স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলেন। বাড়ির ছোটদের প্রতি যত্নশীল হোন। সেই সাথে বড় বৃদ্ধ দাদা-দাদী এবং বাবা-মায়ের প্রতি অনেক বেশি যত্নশীল হোন। মানবিক এবং ধর্মীয় শিক্ষার উপর জোর দেন। সবাই পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন। নিজে ভাল থাকুন অপরকে ভালো রাখুন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ