বরগুনা পাথরঘাটা প্রতিনিধিঃ তাওহীদুল ইসলাম:
সাত দিনে বঙ্গোপসাগরে একটি ট্রলারে ৫০ মণ বা দুই মেট্রিক টন মাছ ধরা পড়েছে। শুনতে অবাক লাগলেও এমন ঘটনাই ঘটেছে বরগুনার একটি ট্রলারে। যার মধ্যে ৩০ মণই ইলিশ।
গত ১১ আগস্ট বরগুনার পাথরঘাটা থেকে সাগরে মাছ শিকার করতে যায় এফবি অলিউল্লাহ-১ নামের বরগুনার একটি মাছ ধরার ট্রলার।
এরপর টানা সাত দিন বঙ্গোপসাগরের বিভিন্ন স্থানে মাছ শিকার করেন ওই ট্রলারের জেলেরা। এতে বাজিমাত করেন তারা। মাত্র সাত দিনে তারা শিকার করেন বিভিন্ন প্রজাতির ৫০ মণ সামুদ্রিক মাছ। একসঙ্গে এতো মাছ শিকার করতে পারায় বেজায় খুশি ট্রলারের জেলেরা।
ট্রলারটির মাঝি শাহ্ আলম (৪৮) বলেন, বঙ্গোপসাগরের আমরা সাত দিন মাছ ধরেছি। বঙ্গোপসাগরের চালনার বয়া এলাকা পশ্চিম দিকে পাঁচ ঘণ্টা ট্রলার চালিয়ে গিয়ে মাছ ধরেছি।
এ ছাড়াও বাইজদার বয়া এলাকা থেকে আট ঘণ্টা পূর্ব দিকে ট্রলার চালিয়ে গিয়ে মাছ ধরেছি।
অনেক প্রজাতির সামুদ্রিক মাছের সঙ্গে দুই হাজার ১০০ থেকে দুই হাজার ২০০ ইলিশ পেয়েছি আমরা। এর মধ্যে এক হাজার ৫০০ ইলিশের প্রতিটির ওজন এক কেজির ওপরে।
সে হিসেবে দেড় মেট্রিক টনেরও বেশি পেয়েছি শুধু ইলিশ।আমার জীবনে একসঙ্গে এতো মাছ আর কোনদিন পাইনি। এরকম মাছ সচরাচর পাওয়াও যায় না।
ট্রলারটির জেলে ইসমাইল (২০) বলেন, আমরা মোট সাত বার জাল ফেলেছি। প্রতিবার ৬ মণ, ৭ মণ করে মাছ পেয়েছি। জালে এতো মাছ দেখে আমরা যেমন অবাক হয়েছি, ঠিক তেমনি খুশিও হয়েছি।
এ বিষয়ে ট্রলারটির মালিক মো. আলম মোল্লা বলেন, সাগরে এখন মাছ পাওয়া যাচ্ছে। আমার ট্রলারে যে মাছ পেয়েছি তার দাম ২১ থেকে ২২ লাখ টাকা। এভাবে মাছ পাওয়ার ধারাবাহিকতা বজায় থাকলে আমরা ব্যাপক লাভবান হবো।