আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

১ মিনিটের ঈদ বাজারে হাজার পরিবারের মুখে হাসি

নিজস্ব প্রতিবেদক :

নতুন পোশাকের সারির মাঝে একদল শিশু ঘুরে ঘুরে পোশাক পছন্দ করছে। কেউ জামা পছন্দ করছে, কেউ বা শার্ট। তাদের সঙ্গে অভিভাবকরাও রয়েছে। তবে সাজানো পোশাকগুলো কিনতে তাদের ব্যয় করতে হচ্ছেনা কোন টাকা।

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে এমন ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর এলাকায়।

তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমর ও ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ১ মিনিটে ঈদ বাজার নামে এই ঈদ কেনাকাটার আয়োজন করা হয়েছে। সেখানে মাত্র ১ মিনিটেই এলাকার অসহায় দরিদ্র পরিবারের সদস্যরা মনের খুশিতে ঈদের বাজার করছে।

সবার মাঝে হাসি ফোটানোর লক্ষ্যে আজ শনিবার (৩০ এপ্রিল) এই ১ মিনিটে ঈদ বাজার কার্যক্রম উদ্বোধন করেন তেঁতুলঝোড়া ইউপি চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল আলম সমর। পরে প্রায় দেড় হাজার শিশু, বৃদ্ধা, প্রতিবন্ধীসহ অসহায় মানুষের মাঝে ঈদ উপলক্ষে পোশাক ও বাজার উপহার দেওয়া হয়েছে।

রোজা নামের ৬ বছরের এক শিশু একটি লাল ফ্রক হাতে পেয়ে খুশিতে তার মাকে জড়িয়ে ধরে। তার সাথে কথা হলে সে ঢাকা মেইলকে জানায়, গত ঈদে মাকে বলেছিলাম আমাকে একটা লাল ফ্রক কিনে দিতে কিন্তু মা দেয়নি। আজকে চেয়ারম্যান আংকেল আমাকে লাল ফ্রক দিয়েছেন তাই আমি অনেক খুশি।

এই ১ মিনিটের ঈদ বাজারে কেনাকাটা করতে এসে সুমন ইসলাম নামে এক প্রতিবন্ধী যুবক আপ্লুত হয়ে পড়েন। কান্নাজড়িত কন্ঠে তিনি বলেন, ‘এখান থেকে শার্ট, জুতা এবং পরিবারের জন্য ঈদের বাজার নিয়েছি। এই শার্ট পরেই ঈদের দিন নামাজে যাব।’

বিষয়টি নিয়ে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর বলেন, আমি সবসময়ই অসহায় মানুষকে মন থেকে ভালোবাসি।

তাদের ভালোবাসার জোরেই আজকের আমার এই অবস্থান। তাই আমি প্রতি বছরই আমার এবং আমাদের ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে এই আয়োজন করে থাকি। আগামীতে যেনো আরও বড় পরিসরে এমন আয়োজন করতে পারি সেই প্রত্যাশা সকলের কাছে৷

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ