চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা করে আসছে উপজেলা আওয়ামীলীগ।
তারই ধারাবাহিকতায় পূর্বের ঘোষণা অনুযায়ী ১৭ অক্টোবর রোববার সকাল ১০টায় উপজেলার ১০নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের তৃনমূলের বর্ধিত সভার নির্মিত প্যান্ডেল ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। এই পরিস্থিতিতে উক্ত বর্ধিত সভা স্থগিত করে দিয়েছে উপজেলা আওয়ামীলীগ।
১০নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন আ’লীগের নেতাকর্মীরা জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ১৭ অক্টোবর রোববার এই ইউনিয়নে আওয়ামীলীগের তৃণমূলের বর্ধিত সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এই সভা উপলক্ষে হাঁসা আল আমিন ফাযিল মাদ্রাসার পাশের একটি মাঠে প্যান্ডেল তৈরি করে ইউনিয়ন আওয়ামীলীগ।
এদিন সকালে ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকরা এসে দেখে প্যান্ডেলটি কারা যেন ভেঙে ফেলেছে। মনোনয়ন প্রত্যাশী ওই ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক মো. আলী আক্কাছ পাটওয়ারী এবং শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির পাটওয়ারী সাংবাদিকদের জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভার পূর্ব ঘোষিত অনুষ্ঠানের প্যান্ডেলটি ভাঙার বিষয়টি ন্যক্কারজনক।
ঘটনাটিকে দুঃখজনক আখ্যা দিয়ে দলীয় সিনিয়র নেতৃবৃন্দ এ ব্যাপারে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানান তারা।
গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী জহিরুল ইসলাম ভূঁইয়া বলেন, আমরা শনিবার সন্ধ্যার মধ্যেই প্যান্ডেল তৈরি করে বাড়ি চলে যাই। সকালে স্থানীয় নেতাকর্মীরা ফোন করে জানান কারা যেন রাতের আঁধারে প্যান্ডেলটি ভেঙে গুড়িয়ে দিয়েছে। আমি এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।
এ বিষয়ে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতোপূর্বে আমরা বিভিন্ন ইউনিয়নে আওয়ামীলীগের বর্ধিত সভা করেছি। পূর্ব নির্ধারিত আজকের এই বর্ধিত সভার প্যান্ডেল কী কারণে ভাঙা হয়েছে তা আমার বোধগম্য নয়।
তবে যারা প্যান্ডেল ভেঙেছে, তারা শুধু প্যান্ডেল ভাঙ্গে নাই, তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার ফেস্টুন ভাঙচুর করেছে। যারা এহেন কাজ করেছে তারা আ’লীগের লোক হতে পারে না, তারা অনুপ্রবেশকারী।
এ বিষয়ে উপজেলা আ’লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী জানান, স্থানীয় সংসদ সদস্যের অনুসারীরা রাতের আঁধারে প্যান্ডেল ভাঙচুর করেছে বলে ধারণা করা হচ্ছে। আমি বিষয়টি জানার পর ওসি তদন্তকে অবহিত করেছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছি।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. বাহার মিয়া বলেন, আমি ঘটনাটি শুনামাত্রই পুলিশ ফোর্স পাঠিয়ে ঘটনাস্থল পরিদর্শন করিয়েছি। এই বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য যে, এ বিষয়ে উপজেলা ও ইউনিয়ন আ’লীগ নেতাকর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।