নিজস্ব প্রতিবেদক :
মানিকগঞ্জের সিঙ্গাইরে ফসলি জমির মাটি কাটায় বিক্ষুব্ধ জনতা দুইটি ভেকু মেশিন ও একটি ট্রাক ভাংচুর করেছে।
গত শুক্রবার দুপুরে উপজেলার জামির্ত্তা ইউনিয়নের হাতনি চকে এ ঘটনা ঘটে। এর আগে একই জমিতে মাটি কাটায় স্থানীয়রা একটি ভেকু মেশিন আগুনে পুড়িয়ে দেয়।
জানা গেছে, উপজেলার জামির্ত্তা ইউনিয়নের পানিশাইল গ্রামের মো. সেলিম ওরফে সলিমুদ্দিন তার ২৫০ শতাংশ ফসলি জমিতে মৎস্য খামারের সিদ্ধান্ত নেন।
ওই জমির মাটি ক্রয় করেন জামির্ত্তা এলাকার সিরাজুল হক ও রাশেদ নামে দুই মাটি ব্যবসায়ী। গত ১৪ মার্চ রাতে হাতনি চকের ওই জমি থেকে মাটি কেটে রাস্তা তৈরি করছিলেন তারা।
ওই রাতে হাতনি এলাকার বিক্ষুব্ধ জনতা মাইকিং করে একত্রিত হয়ে একটি ভেকু মেশিনে আগুন ধরিয়ে দেয়। পরে মাটি ব্যবসায়ী এ ঘটনায় একটি মামলা ধায়ের করেন।
কয়েক দিন ধরে একই জমিতে আবার মাটি কাটা শুরু করেন মাটি ব্যবসায়ীরা। শুক্রবার দুপুরে জামির্ত্তা মাদ্রাসার ছাত্র-শিক্ষকসহ এলাকার অর্ধশতাধিক জনতা দুইটি ভেকু মেশিন ও একটি ট্রাকে ভাংচুর করে।
ক্ষতিগ্রস্ত মাটি ব্যবসায়ী রাশেদ হোসেন বলেন, ‘উপজেলা মৎস্য অফিসের অনুমতি নিয়ে জমিতে মৎস্য খামার করার সিদ্ধান্ত নেন জমির মালিক সেলিম ওরফে সলিমুদ্দিন। আমরা ওই জমির মাটি ক্রয় করি।
গত ১৪ মার্চ রাতে হাতনি এলাকার ২০ থেকে ২৫ জন আমার ভাড়া করা ৩০ লাখ টাকার বেকু মেশিনটি পুড়িয়ে দেয়।
গতকাল শুক্রবার(১৫ এপ্রিল) আবার জামির্ত্তা মাদ্রাসার ছাত্র, শিক্ষক মাওলানা আশরাফুল ইসলামসহ এলাকার লোকজন দুইটি ভেকু মেশিন, ট্রাক ভাংচুর করে। এ বিষয়ে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সফিকুল ইসলাম মোল্লা বলেন, ‘ভেকু মেশিন ও ট্রাকে ভাংচুরের বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’