নিজস্ব প্রতিবেদক :
ঢাকার সাভারে ১৪ বছরের কিশোরীকে জোর করে ফ্ল্যাটে নিয়ে ধর্ষণের অভিযোগে ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি সোহেল ওরফে ড্যান্সার রানার (৩৩) বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক শহিদুল ইসলাম। এরআগে বুধবার রাতে মামলা দায়ের করেন ভুক্তভোগীর মা।
অভিযুক্ত রানার বিস্তারিত পরিচয় পাওয়া যায় নি। তবে তিনি সাভার সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বলে জানা গেছে। তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ আরও বিভিন্ন অভিযোগ রয়েছে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ মাস আগে থেকে ভুক্তভোগীকে কু-প্রস্তাব দিয়ে আসছিল সাভার সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রানা ওরফে ড্যান্সার রানা। তার এমন প্রস্তাবে ১৪ বছরের কিশোরি রাজি না হলে গত ১২ ফেব্রুয়ারি ভুক্তভোগীকে রাস্তা থেকে হাত ধরে জোর করে ফ্ল্যাটে নিয়ে যায় রানা।
এসময় রানার নিজ ফ্ল্যাটে ওই কিশোরিকে জোরপূর্বক ধর্ষণ করে রানা। ধর্ষণ শেষে ঘটনা জানাজানি হলে হত্যার হুমকি দেয় রানা। ভয়ে ওই কিশোরী কাউকে কিছু না বললে পরবর্তীতে আবারও একই কায়দায় ১৫ ফেব্রুয়ারি ভুক্তভোগীকে ধর্ষণ করে। বিষয়টি ভুক্তভোগী তার মাকে জানালে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন তার মা।
এব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ভুক্তভোগী কিশোরীর স্বাস্থ্য পরিক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। একই সাথে অভিযুক্তকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।