নিজস্ব প্রতিবেদক :
বেতন, বোনাস, ছুটির টাকাসহ কয়েকটি দাবিতে সাভারের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন ও বিক্ষোভ করছেন।
সকালে সাভারের হেয়ায়েতপুর শ্যামপুর এলাকায় দীপ্ত এপারেলস লিঃ এর প্রায় হাজারের অধিক শ্রমিক কারখানায় এসে কারখানার মূল ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে।
পরে কারখানা কতৃপক্ষ ও শিল্প পুলিশ এসে শ্রমিকদের বুঝিয়ে কারখানার ভিতরে নিয়ে যায়। শ্রমিকরা এখন কারখানার ভিতরে কর্মবিরতি পালন করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কারখানার এক শ্রমিক জানান, গত মার্চ মাসের বেতন আমরা এখনো পাইনি, এছাড়াও বোনাসের টাকা, ছুটি, টিফিন বিলের টাকা প্রায়শই দেরিতে পরিশোধ করে কর্তৃপক্ষ।
আমাদের দাবি যেন কর্তৃপক্ষ আমাদের এসব বিল সময়মত পরিশোধ করে। এই দাবিতে আমরা কর্মবিরতি পালন করছি।
জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাভার আশুলিয়া আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক কবির হোসেন জানান,
কারখানাটিতে আনুমানিক তিন হাজার শ্রমিক রয়েছে। গত মাসের বেতন শ্রমিকরা এখনো পাননি, বিধায় আজ সকালে কারখানায় এসে শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করে।
পরে কারখানা কতৃপক্ষ ও শিল্প পুলিশ এসে শ্রমিকদের বুঝিয়ে কারখানার ভিতরে নিয়ে যায়। মালিকপক্ষ ও শিল্প পুলিশ শ্রমিকদের সাথে আলোচনায় বসেছেন।
বেতন, বোনাস, ছুটির টাকা, টিফিন বিল এর জন্য সকাল থেকে শ্রমিকরা কর্মবিরতি পালন করছে। কারখানা কতৃপক্ষের সাথে কথা হয়েছে, আজকে দিনের মধ্যে গত মাসের বেতন তারা পরিশোধ করে দিবেন,
বাকি দাবিগুলো সময় নিয়ে সমাধান করা হবে বলে জানান ঢাকা শিল্প পুলিশের উপ পরিদর্শক মো. কোরবান আলী।
এবিষয়ে কারখানার ব্যবস্থাপনা পরিচালক নাবিল উদ দৌলার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। মোবাইলে ক্ষুদে বার্তা পাঠিয়েও কোন উত্তর পাওয়া যায়নি।