নিজস্ব প্রতিবেদক :
সাভারে ছুরিকাঘাতে বন্ধু সোহেল হোসেনকে (৩০) হত্যার ঘটনায় গ্রেফতার মানিক হত্যার কথা স্বীকার করে স্বীকারোক্তি মুলক জবানবন্দি দিয়েছেন। পরে তাকে জেল হাজতে পাঠানো হয়।
মঙ্গলবার (৩০ নভেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক ফাহাদ হোসেন। এর আগে আজ বিকেলে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুল আলমের আদালতে তিনি স্বীকারোক্তি মুলক জবানবন্দি দেন।
নিহত সোহেল নীলফামারীর জলঢাকা থানার পাঠানপাড়া গ্রামের মোকছেদুলের ছেলে। তিনি সাভারের মধ্য রাজাশন এলাকার জাকির হোসেনের বাড়িতে ভাড়া থেকে রিকশা চালাতেন।
গ্রেফতার মানিক রাজবাড়ী জেলা সদরের আহমেদ রাজ্জাকের ছেলে। তিনি সাভারের রাজশন এলাকায় সাবেক এক কমিশনারের বাসায় ভাড়া থাকতেন। কোন কাজ করতেন না তিনি। তবে নেশায় বুদ হয়ে থাকতেন।
পুলিশ জনায়, গত ২০ নভেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সাভারের মধ্যরাজাশন এলাকায় সোহেল হোসেন নামের এক রিকশা চালককে ছুরিকাঘাতে হত্যা করে তারই বন্ধু মানিক। পরে সে গা ঢাকা দিলে ২৯ নভেম্বর রাত সাড়ে ১২ টার দিকে র্যাব-৪ অভিযান চালিয়ে দিনাজপুর জেলার বিরামপুর এলাকা থেকে হত্যাকারী মানিককে গ্রেফতার করে সাভার মডেল থানায় হস্তান্তর করে। আজ দুপুরে তাকে আদালতে তোলা হলে হত্যার কথা স্বীকার করে স্বীকারোক্তি মুলক জবানবন্দি দেন। হত্যাকারী মানিক হত্যার সময় নেশাগ্রস্ত ছিল। মানিক ও সোহেল হোসেন বন্ধুর মত চলাফেরা করতো। ভাল সম্পর্ক ছিল তাদের মধ্যে। সেদিন সামান্য কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাত করে পালিয়ে যায় মানিক। পরে সোহেল হোসেনকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন নিহতের বাবা মোকছেদুল।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক ফাহাদ হোসেন বলেন, এই ঘটনায় এজাহার নামীয় আরও আসামি রয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।