সাভার প্রতিনিধি :
সাভারের আশুলিয়ায় একটি তৈরী পোশাক কারখানার ঝুটের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এসময় কারখানাটির ঝুটের গোডাউনে বিভিন্ন স্থানে আগুন ছড়িয়ে পড়লে কারখানা কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রনে আনে।
রোববার (০৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে আশুলিয়ার আলতলা এলাকায় অবস্থিত ম্যাগপাই কম্পোজিট টেক্সটাইল লিমিটেড কারখানার ব্রয়লারের পাশের ঝুটের গোডাউনে এ আগুন লাগার ঘটনা ঘটেছে।
ম্যাগপাই কম্পোজিট টেক্সটাইল লিমিটেড কারখানার প্রশাসনিক কর্মকর্তা মোঃ হাসান শাহিম বলেন, আমাদের কারখানার একটি ফেব্রিক্সের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে।
বিষয়টি আমরা ফায়ার সার্ভিসকে জানানোর পাশাপাশি নিজেরা প্রাথমিকভাবে প্রশিক্ষিত ফায়ার ফাইটার দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাই।
পরবর্তীতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নির্বাপনের জন্য কারখানায় আসলেও তার আগেই আমাদের লোকজন আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
অগ্নিকান্ডের কারন এবং ক্ষয়-ক্ষতির বিষয়ে এই কর্মকর্তা বলেন, যে যায়গাটিতে আগুন লাগার ঘটনা ঘটেছে সেখানে কোন ইলেকট্রিক লাইন নাই তাই বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগেনি এটা নিশ্চিত।
এছাড়া সেখানে ফায়ার ডিটেকটিভ এ্যালার্মও রয়েছে তারপরও কিভাবে আগুন লাগলো সেটা জানার চেষ্টা করছি। এছাড়া আগুনে বিভিন্ন ধরনের ফেব্রিক্স পুড়ে যাওয়ায় আপাতত ক্ষয়-ক্ষতির পরিমানও বলা যাচ্ছেনা।
আশুলিয়ার পল্লী বিদ্যুৎ মর্ডান ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোঃ আলাউদ্দিন বলেন, ম্যাগপাই কম্পোজিট টেক্সটাইল লিমিটেড কারখানার ওয়েষ্ট গোডাউনে আগুন লাগার খবর পেয়ে আমরা দুটি ইউনিট ঘটনাস্থলে যাই।
তবে আমরা যাওয়ার আগেই তারা নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রনে আনেন। তবে আগুন লাগার কারন এবং ক্ষয়-ক্ষতির বিষয়টি তদন্ত সাপেক্ষ বলা যাবে।