সাভার প্রতিনিধি:
সাভারে বিএনপির নেতার মিলাদ মাহফিলে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এঘটনায় তিন পুলিশ আহত হয়েছেন । আটক করা হয়েছে বিএনপির অন্তত ২০ জন নেতাকর্মীকে।
বুধবার (৩১ আগস্ট) বিকেলে সাভারের ছায়াবিথি এলাকার ঢাকা জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদের বাড়ির সামন এই ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে আহতদের মধ্যে তিনজন পুলিশ নিশ্চিত হওয়া গেলেও আহত কারোর নামঠিকানা জানা যায় নি। একই সাথে আটকদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। এখনও অভিযান চলছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, ঢাকা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক কমিশনার খোরশেদ তার বাড়িতে সামনে লোকজন জড়োকরে মিলাদের আয়োজন করেন। দাওয়াত পেয়ে বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হতে থাকেন।
তবে খোরশেদ কমিশনার রাস্তা বন্ধ করে চেয়ার দিয়ে নেতাকর্মীদের বসতে দিয়েছিলেন। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সড়কের পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ শুরু করেন। এসময় পুলিশকে লক্ষ করে ইট পাটকেল ছুড়তে থাকে নেতাকর্মীরা।
পরে পুলিশ টিআর সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এঘটনায় ঘটনাস্থল থেকে তিনটি তাজা ককটেলসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ২০ জনকে আটক করা হয়েছে।
সাভার মডেল থানার পরিদর্শক কাজী মাইনুল ইসলাম বলেন, আমাদের পুলিশকে লক্ষ করে তারা ককটেল নিক্ষেপ করেছেন। এঘটনায় আমাদের তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। আমরা ২০ জনকে আটক করেছি। বিস্তারিত পরে জানানো হবে।