নিজস্ব প্রতিবেদক :
সাভারে দুই কিশোর গ্যাংয়ের অভ্যন্তরীন দ্বন্দ্বে আমিন (১৪) নামের এক কিশোর গ্যাংয়ের সদ্যকে কুপিয়ে জখম করেছে অপর গ্যাংয়ের সদস্যরা।
গতকাল শনিবার (০৯ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাজমুল হাসান। এর আগে রাতে সাভারের শিমুলতলা সিআরপি রোড এলাকায় এ ঘটনা ঘটে।
আহত কিশোর আমিন সাভারের শিমুলতলা এলাকার স্থানীয় চা দোকানী আব্দুল লতিফের ছেলে। সে নিজে ইয়াছিন ও হৃদয় গ্যাংয়ের সদস্য বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানায়, ওই এলাকায় ইয়াছিন ও হৃদয়ের নেতৃত্বে একটি এবং পাপ্পু ও হাবিবের নেতৃত্বে আরেকটি কিশোর গ্যাং রয়েছে।
তাদের মধ্যে আমিন নামের কিশোরের সাথে ৫০০ টাকা নিয়ে পূর্বের দ্বন্দ্ব ছিল পাপ্পু ও হাবিব গ্যাংয়ের সদস্যের।
এই টাকার জেরে তারাবির নামাজের সময় সবাই মসজিদে থাকার সুযোগে ইয়াসিন হৃদয়ের নেতৃত্বে সিআরপি রোডের একটি মুদি দোকানের সামনে জড়ো হয় তার গ্যাংয়ের সদস্যরা।
পরে শিমুলতলার দিক থেকে দৌড়ে এসে পাপ্পু ও হাবিব গ্যাংয়ের সদস্যরা তাদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে।
এসময় ইয়াছিন ও হৃদয় গ্যাংয়ের সদস্য আমিনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে অপর গ্যাংয়ের সদস্য পাপ্পু, হাবিব, অনিক ও মুন্নাসহ পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় আহত আমিনকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ ও আহত কিশোরের রক্তমাখা জুতাসহ ঘটনার বিভিন্ন আলামত সংগ্রহ করেছে পুলিশ।
এ বিষয়ে সাভার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাজমুল হাসান বলেন, অভিযোগ হয়েছে কি না জানি না।
আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। এব্যাপারে সাভার মডেল থানার অফিসার্স ইনচার্জের সাথে কথা বলার পরামর্শ দেন তিনি।