নিজস্ব প্রতিবেদক :
সাভারের আশুলিয়ায় চলন্ত বাসে ছিনতাইয়ের সন্দেহে গণপিটুনিতে নিহত যুবকের পরিচয় মিলেছে। তার নাম নাজমুল মিয়া (৩১)।
মঙ্গলবার (১৭ মে) বিকেলে প্রযুক্তির মাধ্যমে নিহত ব্যক্তির পরিচয় জানা গেছে বলে নিশ্চিত করেন ঢাকা জেলা পিবিআই এর উপপরিদর্শক সালেহ ইমরান।
সোমবার (১৬ মে) রাতে ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নবীনগরে ‘সাভার পরিবহনে’র ছিনতাইয়ের সন্দেহে গণপিটুনি পর ট্রাফিক পুলিশের কাছে দেশীয় অস্ত্রসহ আটক হন ওই ব্যক্তি।
এরপর মঙ্গলবার সকাল ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত নাজমুল মিয়া রংপুর জেলার মিঠাপুকুর থানার দক্ষিণপাড়া গ্রামের খোকা মিয়ার ছেলে।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জিয়াউল ইসলাম বলেন, ডাকাত বা ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে।
ভুক্তভোগীকেও পাওয়া যায়নি। সব গুলো বিষয় তদন্তাধীন। বাসটি চিহ্নত করতে কাজ চলছে। এঘটনায় মামলা দায়েরের বিষয়টিও প্রক্রিয়াধীন।