আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে কোটিপতি ও একই পরিবারে তিনজন পেলো সরকারি ঘর

নিজস্ব প্রতিবেদক :

মানুষের ভরাসার আশ্রয়স্থল একটি দুর্যোগসহনীয় ঘর। গরীবের মধ্যে অনেকেই সারাজীবনের সঞ্চিত অর্থ দিয়েও এই ঘর নির্মান করতে পারে না।

এমন গরিব লোকদের জন্য বরাদ্দ দিয়েছেন সরকার। তবে অনিয়মের মাধ্যমে গরিব বা গৃহহীনদের এসব ঘর না দিয়ে দেওয়া হয়েছে বিত্তশালীদের।

সাভারে এমন তিনটি ঘর বিত্তশালী একই পরিবারের লোকজনকে দেওয়া হয়েছে। অথচ যারা ঘর পেয়েছেন, সরকারি তালিকায় তাদের কোন নাম নেই।

সোমবার (৩১ অক্টোবর) সাভারের আমিনবাজার ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বিনোদবাড়ি, নরসিংহপুর ও পাঁচগাছিয়া এলাকা ঘুরে জানা যায়, অবকাঠামোগত উন্নয়ন কাবিটা’র আওতায় গৃহহীনদের জন্য দূর্যোগ সহনীয় বাসগৃহ বরাদ্দ থাকলেও প্রায় কোটি টাকার মালিক পেয়েছেন সেই ঘর।

যা ভেঙ্গে দোকান ও ভাড়া দেওয়া হয়েছে রিকশার গ্যারেজ। সরকারি বরাদ্দের দুইটি ঘর নির্মানের পর থেকেই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। অপর ঘরটির সামনের অংশ ভেঙ্গে দুটি দোকান ও পিছনের অংশে রিকশার গ্যারেজ হিসাবে ভাড়া দেওয়া হয়েছে।

অনুসন্ধানে জানা যায়, অবকাঠামোগত উন্নয়ন কাবিটা’র আওতায় গৃহহীনদের জন্য দূর্যোগ সহনীয় বাসগৃহ নির্মান ২০১৯-২০২০ অর্থবছরে আমামিনবাজার ইউনিয়নে মোট ছয়টি ঘরের বরাদ্দ আসে।

এর মধ্যে জায়গা জটিলতার কারনে দুইটি ঘরের বরাদ্দ ফেরত যায়। বাকি ঘরগুলোর দুইটি সরকারি তালিকার বাইরে দেওয়া হয় কোটি টাকার মালিক ফয়জুর রহমান ফয়েজকে। যার ভেকু, সিমেন্ট, কয়লা ড্রেজার ও বালুর ব্যবসা সহ বিভিন্ন ব্যবসা রয়েছে।

অপরটি দেওয়া হয় ফয়েজের খালাতো বোন শাহিদা আক্তার রুনাকে। তিনিও বসবাস করেন শ্বশুড়বাড়ির তিন তলা ভবনের একটি বাড়িতে। আর তার স্বামী মোরসালিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের স্টোর ইনচার্জ হিসাবে দায়িত্ব পালন করছেন।

বাকি দুটি ঘর তালিকা অনুযায়ী আয়েশা আক্তারসহ প্রতিবন্ধী শাহ-আলমকে দেওয়া হয়। এদের মধ্যে প্রতিবন্ধী শাহ-আলম আর্থিকভাবে অসচ্ছল হলেও আয়েশা আক্তার বিত্তশালী।

তিনি সরকারি ঘর পরিত্যক্ত রেখে বসবাস করছেন নানার বাড়ির তিনতলা বাড়িতে। এই আয়েশা আক্তার হলেন ফয়জুর রহমান ফয়েজের বোন।

২০১৯-২০২০ অর্থবছরের আমিনবাজার ইউনিয়নের কাবিটা’র আওতায় বরাদ্দকৃত ঘরের তালিকা অনুসন্ধানে উঠে আসে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের চিত্র।

বরাদ্দকৃত ৪ টি ঘরের তালিকা অনুযায়ী এসব ঘরের প্রকৃত মালিক হলেন আমিনবাজরের নরসিংহপুর এলাকার আব্দুল হাকিমের মেয়ে আসমা আক্তার, একই এলাকার আব্দুল হাকিমের মেয়ে আয়েশা আক্তার,

আমিনবাজারের বিনোদবাড়ি এলাকার মোহাম্মদ আলীর ছেলে রুহুল আমিন ও আমিনবাজারের ধোবাউরা এলাকার আব্দুল ওহাবের ছেলে প্রতিবন্ধী শাহ-আলম। তবে প্রকৃত মালিক শাহ-আলম ছাড়া বাকিদের খোঁজ পাওয়া যায় নি।

তবে বর্তমানে সেই ঘরের মালিকানা নিয়ে দখলে আছেন আমিনবাজারের নরসিংহপুর এলাকার কোটি টাকার মালিক ফয়েজ, আমিনবাজারের পাঁচগাছিয়া এলাকার ওই ফয়েজের নিজ বোন আসমা ও খালাতো বোন শাহিদা আক্তার রুনা। বাকিজন শাহ-আলমের তথ্যের মিল রয়েছে।

অন্যের সরকারি ঘর বাগিয়ে নেওয়া ফয়েজের খালাতো ভাই ও শাহিদা আক্তার রুনার আপন ভাই সাদ্দাম বলেন, এই ঘরগুলো গরীব মানুষের জন্য।

আমার খালাতো ভাই ফয়েজ আমার মাকে ভুলভাল বুঝিয়ে ২৫ হাজার টাকা নিয়ে আমার বোনকে এই ঘরটি এনে দেয়। আমাদের তিন তলা বাড়ি আছে। আমাদের সাথে এসব যায় না। এই ঘরগুলো গরিব মানুষের হক।

আর্থিকভাবে অস্বচ্ছল স্থানীয় মো. সফর আলী বলেন, প্রকৃতপক্ষে এসব ঘর যাদের পাওয়ার কথা তারা আসলে ঘর পায় নি। কোটিপতিরা এসব ঘর পেয়েছেন।

আমার জমি আছে কিন্তু দুর্যোগ সহনীয় ঘর নেই। আমি মেম্বারের কাছে ঘর চাওয়ার পরেও আমাকে দেয় নি। মেম্বার ঘর দিয়েছেন বড়লোকদের।

অসদুপায়ে উপকারভোগী শাহিদা আক্তার রুনার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায় নি।

তবে তার স্বামী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী বিভাগের স্টোর ইনচার্জ মোরসালিন বলেন, আমার খালাতো শালা ফয়েজুর রহমান যোগাযোগ করে আমার স্ত্রীকে এনে দেয় এই ঘর।

উপজেলার ইঞ্জিনিয়ার এসে ম্যাপ করে ঘর করে দেয়। আমরা ওই বরাদ্দের সাথে আরও দুই লাখ টাকা দিয়ে ঘরের কাজ করাই। আমার স্ত্রীর নামে ঘর হলেও সে আমার সাথেই থাকে।

সরকারি ঘরটি আমরা ভাড়া দেওয়ার জন্য মনস্থির করেছিলাম। পরে ঘরের বিদ্যুতের লাইন না থাকায় আর ঘরটি ভাড়া দেওয়া হয় নি। তাই সেটি পরিত্যক্ত অবস্থায় পরে আছে। বিদ্যুৎ থাকলে সেটি ভাড়া দিতাম। তাহলে আর পরিত্যক্ত অবস্থায় থাকতো না।

এব্যাপারে ফয়জুর রহমান ফয়েজ বলেন, আমি আমার দুই বোনকে দুটি ঘর এনে দিয়েছি। তাদের অবস্থা খারাপ ছিল। তাই উপজেলায় যোগাযোগ করে দুটি ঘরের ব্যবস্থা করেছিলাম।

তবে তার দুই বোন তিন তলা ঘরে বসবাস করেন এবং সরকারি ঘর পরিত্যক্ত রাখার কারন সম্পর্কে জানতে চাইলে কোন সদুত্তর দিতে পারেন নি তিনি। তিনি বলেন অসত্যের পিছে দৌড়ঝাঁপ না করে আমার সাথে দেখা করেন।

তালিকায় আসমা আক্তার নাম থাকা ঘররটি পেয়েছেন শাহিদা আক্তার রুনা। এই প্রকল্পের সভাপতি ছিলেন তৎকালীন ও বর্তমান আমিনবাজার ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার রফিকুল ইসলাম।

তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি প্রকল্প সভাপতি ছিলাম। কিন্তু কাকে ঘর দিয়েছে এসব আমি জানি না বলেই ফোনের লাইন বিচ্ছিন্ন করে দেন। পরে আবার যোগাযোগ করা হলে তিনি বলেন, যিনি প্রকল্পের সভাপতি তার ভোটার আইডি কার্ড তো থাকবেই।

নরসিংহপুরে শাহিদা আক্তার রুনা ঘর পেয়েছে, কিন্তু তালিকায় তো তার নাম নাই এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সব কিছু ইউনিয়নের সচিব বলতে পারবেন। সচিবই সবকিছু করেছেন। উনিই নাম লিখেছেন। কে দিয়েছে তা তো উনিই জানেন। সরাসরি দেখা করতে চাইলে তিনি এড়িয়ে যান।

আমিনবাজার ইউনিয়ন পরিষদের সচিব আফজাল হোসেন বলেন, কাজ হওয়ার পর যদি এ কথা বলা হয় তাহলে নার্ভাস হয়ে বলছে। কারন এটা তো সচিবের ফাংশন না। ফয়েজসহ থেকে কাজ তারাই করেছে। তাদের কাজ তারাই করেছে।

ফয়েজ হলো আগের চেয়ারম্যানের আত্মীয়। এখানে আমার আর মেম্বারের তেমন কোন ফাংশন নাই। ওনারই তদারকি করেছে ওনারাই করেছে।

সরকারি তালিকায় যাদের ঘর আছে তারা ঘর পায়নি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এমন তো হওয়ার কথা না। চেয়ারম্যান যা বলেছে তাই করা হয়েছে।

তৎকালিন সাভার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একরামুল ইসলাম বর্তমানে মানিকগঞ্জ সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করছেন।

তাঁর মুঠোফোনে একাধিক বার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেন নি। এমনকি মুঠোফোনে ক্ষুদে বার্তা পাঠালেও তার কোন উত্তর মেলেনি।

তৎকালীন আমিনবাজার ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন সাভারের আলোচিত ৭ শিক্ষার্থী খুনের মামলার অন্যতম আসামি এবং ফাঁসির আদেশ নিয়ে কারাগারে থাকায় তার কোন বক্তব্য নেওয়া সম্ভব হয় নি।।

এব্যাপারে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, এখানে যারা গৃহহীন রয়েছে, তাদের জন্য গৃহ নির্মানের প্রকল্প ছিল।

যারা জরাজীর্ণ গৃহে বসবাস করছেন তাদের জন্যই মুলত এই প্রকল্প। নির্দিষ্ট কিছু নিয়মকানুন রয়েছে।

তৎকালীন সময়ের নথিপত্র দেখে সরজমিনে তদন্ত করে যদি কোন ব্যত্যয় ঘটে থাকে নিশ্চিত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। যে যে বিষয়ে অনিয়ম হয়েছে সে সব বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ