আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে কলেজ ছাত্র হত্যাকান্ডের মূলহোতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার সাভারের চাঞ্চল্যকর ক্লুলেস সাকিব (১৭) হত্যাকান্ডের রহস্য উদঘাটন করে মূল পরিকল্পনাকারী এবং প্রধান আসামি ইমন (১৮) কে গ্রেফতার করেছে র‌্যাব-৪ এর সদস্যরা।

সোমবার (২৮ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান।

এরআগে, রোববার (২৭ মার্চ) দুপুরে সাভারের নগর কোন্ডা এলাকা থেকে ইমনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোঃ ইমন দেওয়ান বনগাঁওয়ের পশ্চিম কোটাপাড়া গ্রামের মৃত মোহম্মদ আলীর ছেলে।

নিহত সাকিব বনগাঁওয়ের পশ্চিম কোটাপাড়া গ্রামের বাসিন্দা। সে আমিনবাজারের একটি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলো এবং লেখাপড়ার পাশাপাশি একটি চাকরিও করতো।

র‌্যাব -৪ জানায়, সাকিব নামের এক কলেজ ছাত্র গত ১৭ মার্চ রাতে নিখোঁজ হয়। পরে গত ২৬ মার্চ ২০২২ তারিখ সন্ধ্যা ৭টার দিকে সাভারের বনগাঁও ইউনিয়নের একটি নির্মাণাধীন একতলা ভবনের সেপটিক ট্যাংক থেকে সাকিবের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

যার প্রেক্ষিতে র‌্যাব-৪ পুলিশের পাশাপাশি ছায়াতদন্ত শুরু করে। নিখোজ হওয়ার পর থেকেই ভুক্তভোগীর মোবাইল ফোনটি বন্ধ ছিলো যার পরবর্তীতে মোবাইলটি গাবতলী থেকে এক ব্যক্তির নিকট হতে উদ্ধার করা হয়।

উক্ত ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে এবং ভুক্তভোগীর পরিবারের সন্দেহের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি গোয়েন্দা দল সাকিবের কয়েকজন বন্ধুকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে উক্ত হত্যার সাথে জড়িত আসামীদের সম্পর্কে ধারণা পাওয়া যায়।

এরই ধারাবাহিকতায় ২৭ মার্চ দুপুরে সময় একটি আভিযানিক দল চাঞ্চল্যকর ও আলোচিত সাকিব হত্যা মামলার রহস্য উদঘাটনপূর্বক হত্যাকারী ইমনকে সাভারের নগরকোন্ডা এলাকা থেকে গ্রেফতার করে।

র‌্যাব আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামী ইমন উক্ত হত্যার সাথে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। সে জানায়, তারা তিনজন বন্ধু মিলে গত ১৭ মার্চ ভিকটিম’কে ছুরি দিয়ে উপুর্যপুরি কুপিয়ে হত্যা করে। হত্যার কারণ অনুসন্ধানে জানা যায় যে, আসামি মোঃ ইমন ও মোঃ পিয়াসের কাছে ৬০০০ টাকা পাওনা ছিল ভুক্তভোগী সাকিবের।

ভুক্তভোগী বেশ কিছুদিন যাবৎ আসামীদেরকে তার পাওনা টাকার জন্য চাপ প্রয়োগ করে আসছিলো। কিন্তু আসামীরা ভুক্তভোগীকে টাকা ফেরত না দিয়ে তাকে হত্যা করার পরিকল্পনা করে। পূর্ব পরিকল্পনা অনুয়ায়ী ১৭ মার্চ মোঃ ইমন ফোন কলের মাধ্যমে ভিকটিমকে তার পাওনা টাকা প্রদানের কথা বলে সাভারের নগরকোন্ডা এলাকায় নিয়ে আসে।

অতপর সাকিবকে নির্জন একটি নির্মাণাধীন একতলা বিল্ডিং এর কাছে নিয়ে দুইটি ধারালো ছুরি দিয়ে উপুর্যপূরী আঘাত করে হত্যা করে। পরবর্তীতে তারা লাশ গুমের উদ্দেশ্যে মৃতদেহটি উক্ত নির্মাণাধীন বিল্ডিংয়ের সেপটিক ট্যাংকের ভেতরে ফেলে ঢাকনা বন্ধ করে দেয়।

র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, গ্রেফতার আসামীকে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রমের জন্য সাভার মডেল থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

এছাড়াও উক্ত হত্যা কান্ডের সাথে জড়িত পলাতক আসামীদের গ্রেফতাররের চেষ্টা অব্যাহত রয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ