আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে এসিল্যান্ডকে ছুরিকাঘাত, ৫ ছিনতাইকারীসহ ৬জন গ্রেপ্তার

সাভার প্রতিনিধি :

ঢাকার সাভারে পটুয়াখালীর কলাপাড়ার এসিল্যান্ডকে ছুরিকাঘাত করে মানিব্যাগ মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায়  ৫ ছিনতাইকারীসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এসময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত চার টি গিয়ার সুইচ চাকু ও এসিল্যান্ডের মানিব্যাগ উদ্ধার করা হয়। এ নিয়ে মোট ৫ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হলো।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান।

এর আগে গতকাল বুধবার রাতে সাভারের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ছিনতাইকারীরা হলেন- গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার বাজুন্দি গ্রামের মৃত মালেক ফকিরের ছেলে রাসেল ফকির (২০), কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার গজারিয়া বাজার গ্রামের মো. ছাত্তরের ছেলে মোঃ নাঈম (২০), রাজধানীর ভাসানটেক থানার পশ্চিম ভাসানটেক গ্রামের মো. কামাল হোসেনের ছেলে মোঃ কামরুল হাসান (২২), মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার তিল্লিরচর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে সজীব আহমেদ (২০) ও পাবনা জেলার বেড়া থানার ছোট পায়না গ্রামের দুলাল মিয়ার ছেলে মোঃ আরমান (২১)। তারা সবাই সাভারের আশেপাশে থেকে রাতে ছিনতাই করে বেড়াতো। তাদের বিরুদ্ধে এর আগেও ছিনতাইয়ের মামলা রয়েছে।

সাভার পৌরসভার ২নং ওয়ার্ডের উত্তরপাড়ার সালাম মিয়ার বাড়ির ভাড়াটিয়া আজীম উদ্দিনের ছেলে মোবাইল ব্যবসায়ী গোলাম মোস্তফা (২৪) এর কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল ফোন টি উদ্ধার করাসহ তাকেও গ্রেফতার করা হয়েছে।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক এসআই সুদীপ কুমার গোপ বলেন, মামলাটি সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাশিদ স্যার তদন্ত করছিলেন।

পরবর্তীতে ঢাকা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার সাভার সার্কেলের নেতৃত্বে সাভার, আমিনবাজার ও ঢাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।

এসময় ঘটনার সাথে জড়িত ৫ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় ৪ টি সুইস গিয়ার ছুরি, এসিল্যান্ডের মানিব্যাগ। দুপরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত ২২ অক্টোবর ৪৯ দিনের ল্যান্ড সার্ভে ও সেটেলমেন্ট বিষয়ক প্রশিক্ষন নিতে সাভারে আসেন কলাপাড়ার এসিল্যান্ড আবু বকর সিদ্দিক। সোমবার ১৪ নভেম্বর বিকালে তার অসুস্থ মাকে দেখার জন্য রাজধানীর মিরপুরে যান তিনি।

সেখান থেকে রাতেই সাভারে ফিরে আসেন। রাতে সাভারের সিএন্ডবি এলাকায় বাস থেকে নামার পর ছিনতাইকারীর কবলে পরেন তিনি। এসময় ছিনতাইকারির ছুরিকাঘাতে আহত হলে পুলিশ উদ্ধার করে এনাম হাসপাতালে ভর্তি করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ