আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে একটি বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার সাভারের বিরুলিয়ায় একটি একতলা বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এঘটনায় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করেছে ডাকাতরা।

বুধবার (২৯ মার্চ) দিবাগত রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কাকাবো এলাকার শাহিন মিয়ার বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে।

শাহিন মিয়া জানান, রাত ২ টার দিকে জানালার গ্রীল কেটে ৪/৫ জন ডাকাত আমার ঘরে প্রবেশ করে। ঘরে ঢোকার পর তারা আমাকে ও আমার স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তারা দুই থেকে আড়াই ঘন্টা ধরে আমার বাড়িতে ডাকাতি করে।

এসময় নগদ প্রায় ৪ লাখ, সাড়ে তিন ভরি স্বর্ণালঙ্কার ও তিনটি মোবাইল লুট করে নিয়ে যায় ডাকাতরা।

ডাকাতের মুখে মুখোশ ও পরনে থ্রী-কোয়ার্টার প্যান্ট পরা ছিল। তাদের সবারই হাতে পিস্তল ও বিভিন্ন অস্ত্র ছিল। পরে ভোর ৫ টার দিকে ‘৯৯৯’ এ ফোন করলেও সকাল সাড়ে ৯ টা পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছায় নি পুলিশ।

বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কুদ্দুস বলেন, ডাকাতির ঘটনা জানা নেই, তবে আমি খোঁজ-খবর নিয়ে দেখছি। এধরনের ঘটনা ঘটে থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ