নিজস্ব প্রতিবেদক :
ঢাকার সাভারে মাননীয় প্রধানমন্ত্রী’র আশ্রয়ন প্রকল্প (৩য় পর্যায়) এর গৃহ প্রত্যাশীদের প্রাথমিক যাচাই বাছাই সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জুন) দুপুরে সাভার উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠান সম্পন্ন হয়।
সাভার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম এর সভাপতিত্বে
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।
সাভার উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাজহারুল ইসলাম জানান, মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ৩য় পর্যায়ের গৃহ প্রত্যাশীদের প্রাথমিক যাচাই বাছাই কাজ শুরু হয়েছে।
এর ধারাবাহিকতায় সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন থেকে যারা গৃহ পাবার জন্য আবেদন করেছেন আজ তাদেরকে আমরা ডেকেছি। তাদের কাগজপত্র যাচাই বাছাই করা হয়েছে।
এরপর আমরা সেগুলো সরেজমিন পরিদর্শন করে চূড়ান্ত করবো। এভাবে অন্যান্য ইউনিয়ন থেকে প্রাপ্ত আবেদনগুলোও যাচাই বাছাই প্রক্রিয়ার ভিতর দিয়ে গিয়ে চূড়ান্ত করা হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সাভার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদুর রহমান, আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দিন মাদবর প্রমুখ সহ আবেদনকারী পরিবারের সদস্যগণ।
উল্লেখ্য, উপকারভোগী বাছাইয়ের ক্ষেত্রে সাভার উপজেলা আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভার অনুমোদনক্রমে ও স্থানীয় জনপ্রতিনিধিদের মতামতের ভিত্তিতে সর্বোচ্চ সতর্কতার সাথে যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করা হয়।
এছাড়া, তালিকা ভিত্তিক আবেদনকারীদের প্রত্যেকের আলাদা আলাদা সাক্ষাৎকার গ্রহণ ও সরেজমিন পরিদর্শনের মাধ্যমে যথাযথ উপকারভোগী বাছাই করা হয়। এরই ধারাবাহিকতায় সাভারে আজকের অনুষ্ঠান সম্পন্ন হলো।
প্রসঙ্গত আরও উল্লেখ্য, সর্বশেষ ঢাকার সাভারে ৭০টি গৃহহীন পরিবার মাননীয় প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের ৩য় পর্যায়ের ঘর পেয়েছিলো।
গত ২৬ মার্চ, ২০২২ তারিখে সাভার উপজেলা পরিষদের হলরুমে কবুলিয়ত দলিল ও নামজারি খতিয়ানসহ উপকারভোগীদের মাঝে এসব নতুন ঘর হস্তান্তর করা হয়।