নিজস্ব প্রতিবেদক :
সাভারে ছিনতাইকারির ছুরিকাঘাতে পটুয়াখালির কলাপাড়ার এসিল্যান্ড আবু বকর সিদ্দিক আহতের ঘটনায় তার ভগ্নিপতি বাদী হয়ে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেছেন।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক দীপক চন্দ্র সাহা।
এর আগে আজ দুপুরে এই মামলাটি দায়ের করেন আহত সহকারী কমিশনার (ভূমি) আবু বকর সিদ্দিকের ভগ্নিপতি। মামলায় অজ্ঞাত ৫/৬ জনকে আসামি করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, আহত অ্যসিল্যান্ড বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন। সকালে সাভারের এনাম মেডিকেল হসপিটালের চিকিৎসক ওটি ইনচার্য নাসির উদ্দীন শঙ্কামুক্তর বিষয়টি নিশ্চিত করেছেন।
ডাক্তারী পরীক্ষা শেষে আহত আবু বকর তার স্বজনদের সাথে কথা বলেছেন বলেও জানান তিনি।
ওটি ইনচার্য নাসির উদ্দীন বলেন, তার পেটে, বুকে ও পিঠে ছুরিকাঘাত হয়েছে। তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়েছে। তার অবস্থা এখন শঙ্কামুক্ত।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা জানান, বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এ বিষয়ে অজ্ঞাতনামা ৫-৬ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন আহতের স্বজন।
প্রসঙ্গত, গত ২২ অক্টোবর ৪৯ দিনের ল্যান্ড সার্ভে ও সেটেলমেন্ট বিষয়ক প্রশিক্ষন নিতে সাভারে আসেন কলাপাড়ার এসিল্যান্ড আবু বকর সিদ্দিক।
গতকাল বিকালে তার অসুস্থ মায়ের চিকিৎসার জন্য ঢাকা যান তিনি। সেখান থেকে রাতেই সাভারে ফিরে আসেন।
রাতে সাভারের সিএন্ডবি এলাকায় বাস থেকে নামার পর ছিনতাইকারীর কবলে পরেন তিনি। এসময় ছিনতাইকারির ছুরিকাঘাতে আহত হলে পুলিশ উদ্ধার করে এনাম হাসপাতালে ভর্তি করেন।