মোঃ শামীম হোসেন:
পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে অবৈধভাবে ইট পোড়ানোর অভিযোগে সাভার ও আশুলিয়ায় সাতটি ইট ভাটা বন্ধ করে দিয়েছেন উপজেলা প্রশাসন।
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত সাভারের আমিনবাজার ও আশুলিয়ার শিমুলিয়া এলাকায় এইসব অবৈধ ইট ভাটায় অভিযান পরিচালনা করে বন্ধ করে দেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম।
এব্যাপারে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে দীর্ঘ দিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধ ভাবে সাভারের আমিনবাজারের সালেহপুর এলাকায় সোনার বাংলা ব্রিকস, একে বি ব্রিকস, আনান ব্রিকস, এ এস বি এন্ড কোং ব্রিকস ইট তৈরি করে বাজারজাত করে আসছিলো।
পরে ওই সব ইট ভাটায় অভিযান পরিচালনা করে চারটি ইট ভাটার সমস্ত কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় ও সোনার বাংলা ব্রিকসকে নগদ এক লক্ষ টাকাও জরিমানা করা হয়।
অপরদিকে একই অভিযোগে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের নাল্লাপোল্লা এলাকায় পল্লি ব্রিকস,এবিসি ব্রিকস ও মোল্লা ব্রিকস এর সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
এদিকে একই অভিযোগে ঢাকার ধামরাইয়ের ডেমরান এলাকায় মোল্ল্যা ব্রিকস ও ভাই ভাই ব্রিকস এর সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন সেই সাথে এই দুইটি ইট ভাটাকে নগদ চার লক্ষ টাকাও জরিমানা করা হয়।