আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে হলমার্ক গ্রুপের নিরাপত্তা প্রহরীকে হত্যা

সাভার প্রতিনিধি :

সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের আলোচিত সরকারি অর্থ আত্মসাৎকারী প্রতিষ্ঠান হলমার্ক গ্রুপের নিরাপত্তা প্রহরীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার ভোরে তেঁতুলঝোড়া ইউনিয়নের নগরচর এলাকায় অবস্থিত দীর্ঘ দিন ধরে বন্ধ থাকা হলমার্ক গ্রুপের ভিতর জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত হলমার্ক গ্রুপের নিরাপত্তা প্রহরী রয়েল সরকার (৩৫) কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার সাতানা গ্রামের মৃত রহমত উল্লাহর ছেলে। তেঁতুলঝোড়া ইউনিয়নের ওই প্রতিষ্ঠানের ভিতরে থেকেই তিনি নিরাপত্তা প্রহরীর দায়িত্ব পালন করতেন।

সাভার ট্যানারি ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক রাসেল মোল্লা বলেন, ভোরে হলমার্ক গ্রুপের ভিতরে জঙ্গলে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় ওই নিরাপত্তাকর্মীকে পড়ে থাকতে দেখে পুলিশ খবর দেয় স্থানীয়রা।

পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

তিনি আরও বলেন, হলমার্কের বন্ধ কারখানার ভিতরে থেকেই নিহত ওই ব্যক্তি নিরাপত্তা প্রহরীর কাজ করতেন।

ধারণা করা হচ্ছে, গতকাল রাতে জুয়া খেলার সময় দ্বন্দের জেরেই তাকে গলায় গামছা পেঁচিয়ে ও মাথায় আঘাত করে হত্যার পর দুর্বৃত্তরা পালিয়েছে। এঘটনায় অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে। পাশাপাশি সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ