জাবি প্রতিনিধিঃ
সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শনিবার (৩০ এপ্রিল) এক শোক বার্তায় উপাচার্য বলেন, ‘আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে বাংলাদেশের অনেক ক্ষতি হলো।
বহুমাত্রার অধিকারী আবুল মাল আবদুল মুহিত অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও লেখক হিসেবে সকলের ভালোবাসা ও শ্রদ্ধা অর্জন করেছিলেন।
তাঁর মৃত্যুতে যে শূন্যতা তৈরি হলো, তা পূরণ হবার নয়। ভাষা আন্দোলন, বাংলাদেশের মুক্তি সংগ্রাম এবং বাংলাদেশের উন্নয়ন যাত্রায় তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।
তিনি আরও বলেন, ‘ আবুল মাল আব্দুল মুহিত তার কর্মের মধ্যদিয়ে অমর হয়ে থাকবেন। আমি তার আত্মার মাগফেরাত কামনা করি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।’
উল্লেখ্য, আওয়ামী লীগের নেতৃত্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী (২০০৯-২০১৮) আবুল মাল আবদুল মুহিত শুক্রবার (২৯ এপ্রিল) রাত একটার দিকে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি—–রাজিউন)।