কে এম নজরুল ইসলাম :
প্রথম আলো’র সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা ও আটকের প্রতিবাদে এবং তার মুক্তির দাবিতে মানববন্ধন করেছে ফরিদগঞ্জ প্রেসক্লাব। ২০ মে বৃহস্পতিবার সকালে ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় মুখে কালো ব্যাজ পরিধান করেন উপস্থিত সাংবাদিকবৃন্দ।
ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুছ ছোবহান লিটনের পরিচালনায় এসময় বক্তব্য রাখের চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক নয়াদিগন্ত ও আরটিভি’র জেলা প্রতিনিধি, দৈনিক চাঁদপুর দর্পণের সম্পাদক শরীফ চেীধুরী। ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, নুরুন্নবী নোমান, বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি এমকে মানিক পাঠান, সহ-সভাপতি মো. মহিউদ্দিন, সিনিয়র সাংবাদিক আবু হেনা মোস্তফা কামাল, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, সহ-সভাপতি আমান উল্যাহ আমান।
মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. জাকির হোসেন পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদ, এস এম ইকবাল ও সাংগঠনিক সম্পাদক শাকিল হাসান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘দেশ ও জাতির পক্ষে সংবাদ প্রচারের অপরাধে সাংবাদিক রোজিনা ইসলামের টুঁটি চেপে ধরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী জেবুননেছা এবং তার সহকারীরা যে অপরাধ করেছে তা অমার্জনীয়। তাকে হেনস্থা ও নির্যাতনপূর্বক দীর্ঘক্ষণ আটকে রেখে একজন সাধারণ নাগরিকের নৈতিক অধিকারের ওপর আঘাত করেছে। স্বাস্থ্য অধিদপ্তর ঘটনার সত্যতা কোনোরূপ যাচাই-বাছাই ছাড়া শত বছরের পুরোনো ও সংবিধানের সাথে সাংঘর্ষিক আইনে মামলা দায়ের করে এবং তার জামিন না-মঞ্জুর করে জেলে পাঠনোর ঘটনায় স্বাধীন সাংবাদিকতাকে অনিশ্চয়তার পথে ঠেলে দিয়েছে। এভাবে গণমাধ্যমের কণ্ঠরোধের সকল অপচেষ্টা বাদ দেওয়ার আহ্বান জানাচ্ছি। যদি সরকার এবং বিচার বিভাগের দায়িত্বশীল কর্তৃপক্ষ সাংবাদিক নির্যাতনের বিচার এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হন, তাহলে আগামী দিনে জাতীয় সাংবাদিক নেতৃবৃন্দের আহ্বানে আমরা যেকোনো কঠোর কর্মসূচি বাস্তবায়নে সর্বাত্মক প্রস্তুত রয়েছি।’