নিজস্ব প্রতিবেদক :
নির্বাচন সহিংশতায় যেখানে মৃত্যুর ঘটনা ঘটছে তখন ঢাকার ধামরাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্প্রীতির দৃষ্টান্ত দেখালেন তিন ইউপি সদস্য প্রার্থী। নির্বাচন চলাকালীন সময়ে একে অপরের কাধে কাধ মিলিয়ে ভোট প্রার্থনা করছেন। যেই নির্বাচিত হবেন তার সাথেই একাত্মতা প্রকাশ করে কাজ করবেন বলে আশা সবার।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিকেল তিনটার দিকে ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দেপাশাই কেন্দ্রে গিয়ে এমন চিত্র দেখা যায়।
জানা যায়, ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী আব্দুর রহমান মোরগ মার্কা, সুলতান উদ্দিন ফুলবল মার্কা ও মোহাম্মদ আব্দুল হক তালা মার্কা নিয়ে নির্বাচন করছেন। তবে তাদের মধ্যে প্রথম থেকেই সম্প্রীতি দৃষ্টান্ত দেখিয়ে যাচ্ছেন।
ভোটাররা জানান, নির্বাচনি প্রচারণার শুরু থেকে এই তিনজন সদস্য প্রার্থী কোন প্রকার হিংসা, বিভেদ ছাড়াই তারা ভোট প্রার্থনা করেছেন। তাদের মধ্যে কোন প্রকার দ্বন্দ্ব দেখা যায় নি। এমন উদাহরণ সচরাচর চোখে পড়ে না।
ভোট দিতে আসা ভোটার নাইম বলেন, আমি এভাবে কখনও নির্বাচন করতে দেখি নি। যেখানে প্রায়ই মারামারির খবর শোনা যায় সেখানে প্রার্থীরা পাশাপাশি দাঁড়িয়ে ভোট প্রার্থনা করছেন। তাদের কাছ থেকে সারা দেশে নির্বাচন কর্মকান্ড শেখার আছে। তিনি বলেন, নির্বাচন অত্যন্ত সুষ্ঠু হয়েছে। মোট কথা উৎসবে পরিনত হয়েছে।
মোরগ মার্কার প্রার্থী আব্দুর রহমান ঢাকাপোস্টকে বলেন, আমরা শুধুমাত্র একজন প্রতিনিধিত্ব চাচ্ছি। জনগণ যাকেই চাইবেন তারাই নির্বাচিত হবেন। দিন শেষে আমরা ভাই ভাই।
ফুলবল মার্কার প্রার্থী সুলতান উদ্দিন বলেন, আমরা সবাই একই ওয়ার্ডের বাসিন্দা। সকাল হলেই একে অপরের মুখ দেখি আমরা। এক দিনের জন্য সারা জীবনের শত্রু হবো না। আমাদের মধ্যে একজন নির্বাচিত হলে তাকে সহযোগিতা করবো।
একই কথা বলেন তালা মার্কার প্রার্থী মোহাম্মদ আব্দুল হক। তিনি বলেন আমরা একে অপরের ভাই।
ধামরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা আয়েশা আক্তার বলেন, ধামরাইয়ে ১৫ টি ইউনিয়নে একযোগে ভোটগ্রহণ চলেছে। সুষ্ঠু নির্বাচন উপহার দিতে প্রতিটি কেন্দ্রে ৫ জন করে ৭৫ জন পুলিশ ও ১৭ জন করে ২৫৫ জন আনসার ভিডিপি নিযুক্ত করা হয়েছে। এছাড়া টহল পুলিশ, র্যাব, ও বিজিবি মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটে নি। মোট কথা সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।