আশরাফুল আলম রাকিব :
গাজীপুরের কাপাসিয়ায় শ্বশুর বাড়ীতে স্বামী ঈমনের (১৯) বিরুদ্ধে স্ত্রী মারুফা আক্তারকে (১৪) গলা টিপে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ করেছে নিহতের বাবা।
তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠলে প্রায় ১ বছর আগে তারা বিয়ে করেন। ইমন কোন কাজ না করায় প্রায়ই তার মায়ের সাথে ঝগড়া হতো, সম্প্রতি ইমন একটি পোশাক কারখানায় চাকুরী নেন। মারুফা বেশ কিছুদিন যাবৎ তার বাবার বাড়ি বরবেড় গ্রামে বসবাস করছে। শুক্রবার বেলা ১২টার দিকে ইমন শ্বশুরবাড়ীতে যায়। রাতে খাওয়া শেষে স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়ে।সকালে বাড়ীর লোকজন ঘুম থেকে উঠে ঘরের ভেতর মারুফার মরদেহ দেখতে পায়। নিহত মারুফার বাবা মাসুদ অভিযোগ করে বলেন, ইমন রাতে গলাটিপে শ্বাসরোধ করে তার মেয়েকে হত্যা করে ঘরে লাশ ফেলে পালিয়ে গেছে। শনিবার বেলা সোয়া ১১টার দিকে ইমন ফোন করে মাসুদকে জানায় সে মারুফাকে হত্যার করে ঘরের আড়ার সাথে উড়না বেধে নিজেও আত্মহত্যার চেষ্টা করেছিল। আত্মহত্যায় ব্যর্থ হয়ে সে পালিয়ে গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজ উদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ এ.এফ.এম নাছিম জানান, গৃহবধু হত্যার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে । অভিযুক্ত স্বামী ইমনকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।