শ্রীপুর উপজেলা প্রতিনিধি:
শ্রীপুরে প্রাইভেট কার ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালক সরাফত আলী (৫৫) নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের জৈনা টু শৈলাটের গোতারবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় নিহত অটোরিকশা চালকের স্ত্রী শিরিনা আক্তার ও এক শিশু যাত্রী গুরুতর আহত হয়েছে।
নিহত সরাফত আলী (৫৫) পার্শ্ববর্তী ভালুকা উপজেলার কাচিনা ইউনিয়নের গৌরীপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
গাজীপুর গ্রামের বাসিন্দারা বলেন, দ্রুতগতিতেএকটি প্রাইভেট কার শৈলাটের দিকে যাচ্ছিল। অপরদিক থেকে দুটি অটোরিকশা পাল্টাপাল্টি করে ওভারটেক করার চেষ্টা করছিল।
এ সময় দ্রুতগতির প্রাইভেট কার একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। পরে প্রাইভেট কারের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে অটোরিকশা চালক নিহত হন।
এ ঘটনার অটোরিকশা চালকের স্ত্রী শিরিনা আক্তার ও এক শিশু যাত্রী গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করানো হয়েছে।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মরিয়ম গণমাধ্যম কে বলেন, গুরুতর আহত অবস্থায় এক নারী ও এক শিশুকে হাসপাতালে আনা হয়। তারা হাসপাতালে চিকিৎসাধীন। তাদের শরীরের অনেক অংশে ক্ষত রয়েছে।
মাওনা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিন্টু মিয়া গণমাধ্যম কে বলেন, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ঘাতক প্রাইভেট কারের চালক গাড়ি নিয়ে পালিয়ে গেছেন।