শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
শ্রীপুরে পুকুর থেকে নিখোঁজের ২২ ঘণ্টা পর সুলতান (১৫) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১১ এপ্রিল) দুপুরে খাবার খেয়ে খেলতে গিয়ে নিখোঁজ হয় ওই কিশোর।মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে স্থানীয়রা বন বিভাগের পুকুরে ওই কিশোরের মরদেহ ভাসতে দেখে তা উদ্ধার করে।
নিহত সুলতান ময়মনসিংহ জেলার নান্দাইল থানার বালিপাড়া এলাকার মো. রমজানের ছেলে।
স্থানীয়রা জানায়, নিহত সুলতান অনেকটা মানসিক ভারসাম্যহীন ছিল।
নিহতের বাবা জানান, সোমবার দুপুরের খাবার খেয়ে অন্য শিশুদের সাথে খেলতে যায় সে। সন্ধ্যায় বাড়ি ফিরে আসেনি।
রাতে সুলতানের সন্ধান করতে শ্রীপুরের বিভিন্ন স্থানে মাইকিং করা হয়। রাতে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। মঙ্গলবার সকাল ১০টার দিকে স্থানীয় মোস্তফা কামাল বন বিভাগের পুকুরে সুলতানের মরদেহ ভাসতে দেখেন।
খবর পেয়ে স্বজনরা তার মরদেহ উদ্ধার করে।নিহতের পিতা আরও জানান, শ্রীপুর থানা পুলিশকে অবহিত করে লাশ দাফনের ব্যবস্থা করবেন। কিভাবে ওই কিশোর পানিতে পড়ে মারা গেছে তা তাৎক্ষনিকভাবে জানা যায়নি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন গণমাধ্যম কে বলেন, মৃতের বাবা বিষয়টি থানায় অবগত করেছেন। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়ায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।