নিজস্ব প্রতিবেদক:
জমি সংক্রান্ত ঘটনার জেরে লালমনিরহাটের হাতিবান্ধার বড়খাতা ইউনিয়নে ছোট ভাই ও ভাতিজা মিলে বড় বোনকে পিটিয়ে বুকের হাড় ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে গত সোমবার হাতিবান্ধা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মারধরকারী বড়ভাইয়ের নাম মো. জিয়ারুল ইসলাম (৪০)। ওই ভাতিজার নাম মো. মুজাহিদ হোসেন ওরফে রাফসি)। জিয়ারুল বড়খাতার বাংলাদেশ তুরস্ক টেকনিক্যাল ইন্সটিউটে নৈশপ্রহরীর কাজ করেন।
এ ঘটনায় বাদী হয়ে থানায় মামলা করেন মারধরের শিকার মঞ্জুআরা বেগমের (৪৫) ছোট ছেলে রবিউল ইসলাম। ত ৬ সেপ্টেম্বর বড়খাতার তহশীলপাড়ায় এ ঘটনা ঘটে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই জমিজমা নিয়ে পারিবারিকভাবে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন গরুকে গোসল করার সময় পানি ছিটানোর ঘটনায় জিয়ারুলের সঙ্গে মঞ্জুআরার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জিয়ারুল, তার স্ত্রী রেহেনা আক্তার মনি (৩৮) এবং তাদের বড় ছেলে মুজাহিদ বাঁশের লাঠি, লোহার রড দিয়ে মঞ্জুআরা বেগমকে বেধড়ক মারধর করে।
পরে জিয়ারুল হক ধারালো ছোড়া দিয়ে মঞ্জুআরার মাথায় চোট দেয়। চোট ঠেকাতে গিয়ে মঞ্জুআরা বাম হাতে গুরুতর জখম হযন। এরপর মুজাহিদ হোসেন লোহার রড দিয়ে মঞ্জুআরার বুকের বাম পার্শ্বে আঘাত করলে বুকের হাড় ভেঙ্গে যায়। মার খেয়ে মাটিতে পড়ে গেলে জিয়ারুল দুই হাত দিয়ে হত্যার উদ্দেশ্যে মঞ্জুআরার গলা চেপে ধরে। এ সময় মঞ্জুআরার ছেলের বউ (বাদীর স্ত্রী) তাকে বাঁচাতে এগিয়ে এলে তারও শ্লীলতাহানি করা হয়।
মামলার বাদী রবিউল ইসলাম বলেন, আমার মা (মঞ্জুআরা) ও স্ত্রী জখমী অবস্থায় অপরিচিত লোকের অটোভ্যানে করে হাতিবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেয়। সেদিন থেকে রংপুর মেডিকেল কলেজে ভর্তি আছে মঞ্জুআরা বেগম।
অভিযোগের বিষয়ে জানতে চেয়ে জিয়ারুল ইসলামের মোবাইলে কল দেওয়া হলে সেটি বন্ধ পাওয়া যায়।
আর মুজাহিদ হোসেন মারধরের ঘটনার সঙ্গে সম্পৃক্ত নয় দাবি করে ফোন কেটে দেন।
মামলার বিষয়ে জানতে চাইলে হাতিবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্মল চন্দ্র মহন্ত বলেন, তদন্তকারী কর্মকর্তা তদন্ত করছেন। যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে; গ্রেপ্তার করা হবে।