নিজস্ব প্রতিবেদক :
সাভারে ব্যাটারী চালিত অটোরিকশায় ওড়না পেচিয়ে মীম (১৭) নামের এক তরণীর মৃত্যু হয়েছে। এঘটনায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
মঙ্গলবার (২২ মার্চ) সন্ধ্যায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান। এর আগে আজ বিকেলে সাভারের কলমার আউকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মীম গোলাপগঞ্জ জেলার পাটগাতি গ্রামের পান্নু মিয়ার মেয়ে। সে রিকশাচালক বাবার সাথে রাজধানীর মিরপুর এলাকায় বসবাস করতো। সে মিরপুর থেকে সাভারের কলমায় তার খালা নাজমা বেগমের বাড়িতে বেড়াতে আসছিল।
রিকশাচালক ইব্রাহিম বলেন, আমি চারাবাগ থেকে তাকে কলমা এরাকায় নিয়ে যাচ্ছিলাম। আউকপাড়া আসলে তার ওড়না চাকার সাথে জড়িয়ে যায়।
এসময় সে পড়ে গিয়ে অচেতন হলে আমি সাভার ল্যাবজোন ক্লিনিকে নেই। তারা এনাম মেডিকেলে নেওয়ার পরামর্শ দিলে সেখানে নিয়ে যাই। পরে কর্তব্যরত ডাক্তার দেখে তাকে মৃত ঘোষণা করেন।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।