আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

রমজান উপলক্ষে কাতার চ্যারিটির খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক :

পবিত্র মাহে রমজান উপলক্ষে আন্তর্জাতিক সাহায্য সংস্থা কাতার চ্যারিটি- বাংলাদেশ এর অর্থায়নে ধামরাই উপজেলার ”মারকাজ মুহাম্মদ বিন আজ্জাজ আল কুবাইসী এতিমখানা” অধিনস্থ এতিম, দুস্থ ছাত্র-ছাত্রী ও হতদরিদ্রদের মাঝে চাল, ডাল, তেল ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালের দিকে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকীর উপস্থিতিতে উপজেলার বরাটিয়া ”মারকাজ মুহাম্মদ বিন আজ্জাজ আল কুবাইসী এতিমখানা” এর মাঠে প্রায় ৮ শত পরিবারের মাঝে এই ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় প্রতিটি পরিবারকে ২৫ কেজি মিনিকেট চাল, ১ কেজি খেজুর, ১ কেজি লবণ, ২ কেজি চিনি, ৩ কেজি মসুর ডাল, ৩ কেজি ছোলা, ৫ কেজি সয়াবিন তেলসহ মোট ৪০ কেজি ওজনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এই ৪০ কেজি খাদ্য সামগ্রীর বাজার মূল্য ৩ হাজার ৮শত টাকা।

প্রতিষ্ঠানটির সভাপতি জনাব মুফতি মঞ্জুরুল হক, ইফতার বিতরণ অনুষ্ঠানে আগত সকলকে রমজানের শুভেচ্ছা জানান। এবং সময় উপযোগী এই ইফতার সামগ্রী বিতরণের জন্য কাতার চ্যারিটিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন,

উক্ত প্রতিষ্ঠানে পিতৃহীন এতিম ছাত্র-ছাত্রীদের সম্পূর্ণ বিনামূল্যে লেখাপড়া ও সার্বিক সহযোগিতা প্রদান করা হয়। অতএব আপনাদের পরিচিত এতিম ছাত্র-ছাত্রীদের উক্ত প্রতিষ্ঠানে পাঠানোর জন্য অনুরোধ করছি।

পরিশেষে উপস্থিত সকলকে স্বাস্থ্য বিধি মেনে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে ইফতার সামগ্রী বিতরণ করা শুরু করেন এবং সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান সম্পন্ন হয়।

ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন, উক্ত প্রতিষ্ঠানের পরিচালক জনাব মাওলানা মাহমুদুল হাসান, হোস্টেল সুপার মাসরুরুল হক, সহকারী হোস্টেল সুপার মাবরুরুল হকসহ অন্যান্য শিক্ষক মণ্ডলী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ