সাভার প্রতিনিধি :
তীব্র যানজট ও প্রখর গরমে বাসের বক্সে থাকা ১৮ ছাগল মারা গেছে। সেই মৃত ছাগলগুলো সাভারের আশুলিয়ায় সড়কের পাশে ফেলে রেখে গেছে পাইকার।
শুক্রবার (০৮ জুলাই) সকাল ১০ টার দিকে সড়কটিতে গিয়ে ছাগলগুলো পড়ে থাকতে দেখা গেছে। এসময় আরও দেখা গেছে, একটি মৃত ছাগলের উপর আরেকটি ছাগল স্তুপের মত পড়ে আছে। এছাড়া প্রতিটি ছাগলের মুখ থেকে রক্ত বের হচ্ছে।
এরআগে, বৃহস্পতিবার (০৭ জুলাই) রাত ১১ টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের আশুলিয়ার বগাবাড়ি আমেরিকার প্লাজার সামনে ফেলে রেখে যায় মৃত ছাগলগুলো।
প্রতক্ষদর্শী মো: ইউসুফ বলেন, গতকাল রাত ১১টার একটি বাস যানজটে থেমে থেমে ঢাকার দিকে যাচ্ছিলো হটাৎ বাসটি আমেরিকার প্লাজার সামনে থামে। এরপর বাস থেকে কয়েকজন লোক নেমে বাসের বক্স থেকে একেরপর এক মৃত ছাগল নামাতে থাকে। এসময় ছাগলগুলোর মালিক হাও মাও করে কাঁদতে থাকে। সেই বাসের বক্সে করে ২০টি ছাগল নিয়ে ঢাকায় যাচ্ছিলো ওই পাইকার। এরমধ্যে ১৮টির ছাগল মারা গেছে। তার ভেতর ১৭টি ছাগল এখানে ফেলে রেখে গেছে। আর দুইটি ছাগল কোনো রকম বেঁচে থাকায় তাদের পানি পান করিয়ে বাসের ভেতরে তুলে নিয়ে গেছে।
তিনি আরও বলেন, ছাগলগুলো সব বড় বড়। পাইকারটা নতুন এবারই এই ব্যবসায় এসেছে। যতটুকু শুনতে পেরেছি পাবনা থেকে ছাগলগুলো ঢাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলো। শ্বাসরোধ ও অতিরিক্ত গরমের কারণে ছাগলগুলো মারা গেছে। প্রত্যেকটি ছাগল আনুমানিক দাম হবে ১৫ হাজার তেকে ১৭ হাজার টাকা। ছাগল গুলো এখন রাস্তার পাশেই পড়ে রয়েছে। আর কয়েক ঘন্টা গেলে তো পচতে শুরু করবে।