আবু বক্কর ছিদ্দিক , মহেশখালী প্রতিনিধি:
অস্বাভাবিক পূর্ণিমার জোয়ারের পানিতে
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে বেড়ীবাঁধ ভেঙ্গে গিয়ে পানির তোড়ে ঘর ভেঙে যাওয়ায় বাধ্য হয়ে এলাকা ছেড়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা ।
সম্প্রতি পূর্ণিমার জোয়ারের পানির ধাক্কায় অন্তত ৮৭০ মিটার অস্থায়ী বেড়িবাঁধের প্রায় ৭০০ মিটার বিভিন্ন স্থানে ভেঙে সাগরে বিলীন হয়ে গেছে । সরকারী অর্থের বিপুল ব্যয়ের এই বাঁধ তিন মাসেও না টেকায় ক্ষোভ প্রকাশ করেছে ইউনিয়নের ৯০ হাজার বাসিন্দা ।
তারা যুগের পর যুগ দাবী করে আসছিল টেকসই বেড়িবাঁধ নির্মাণের জন্য । এ নিয়ে সভা, সেমিনার, মানববন্ধন, স্মারকলিপিসহ নানা কর্মসূচীও করে ছিল বিভিন্ন সময়। এদিকে উক্ত বেড়িবাঁধটি নির্মাণের জন্য পানি উন্নয়ন বোর্ড থেকে প্রতি বছর বরাদ্দ দিয়েও রক্ষা হচ্ছে বেড়িবাঁধ ।
বাঁধের গোড়া থেকে সেলো মেশিনের মাধ্যমে বালু উত্তোলন করে জিওব্যাগ দিয়ে বেড়িবাঁধ নির্মাণ করায় এতে সাগরের ঢেউয়ে বাঁধের গোড়া থেকে মাটি সরে গিয়ে বার বার ভাঙ্গন সৃষ্টি হয় উক্ত বেড়িবাঁধের ।
সব শেষ গতকাল ১৪ আগস্ট দুপুরে সরজমিনে গিয়ে দেখা যায় বেড়িবাঁধ নির্মাণে জিওব্যাগ দেয়া হচ্ছে বাঁধের গোড়া থেকে বালু উত্তোলন করে । ফলে বড় বড় গর্তের সৃষ্টি হচ্ছে বেড়িবাঁধের গোড়ায় । বাঁধের পাশে গর্তের কারনে বার বার ধেবে যাচ্ছে বেড়িবাঁধটি ।
এতে প্রতিবছর বরাদ্দ দেওয়া কোটি টাকা জলে যাচ্ছে , আর তাতে অপচয় হচ্ছে রাষ্ট্রের টাকা । বেড়িবাঁধ নির্মাণে সঠিক পরিকল্পনায় ঘাটতি এবং টেকসই উন্নয়নের অভাবকেই দায়ী করছেন সচেতন মহল । পানি উন্নয়ন থেকে প্রতিবছর নির্মাণের উদ্যোগ নিলেও টেকসই বেড়িবাঁধের পরিপূর্ণতা পায়নি কোনকালে ।
টেকসই বেড়িবাঁধ নির্মাণ এখনোও ধোঁয়াশায় রয়ে গেছে । এই ইউনিয়নে ৮ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে ৮৭০ মিটার ধসে পড়ায় সেখানে অস্থায়ী বাঁধ নির্মাণ করা হয় প্রতি বারই । পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে প্রতিবছর গ্রীষ্মকালে বেড়িবাঁধটি নির্মাণ করা হয় , তবে কাজ শেষ হওয়ার তিন মাসের মধ্যে বাঁধটি বিধ্বস্ত হয়ে পড়ায় এটির গুণগত মান নিয়ে প্রশ্ম উঠে ।
এদিকে বেড়িবাঁধ এলাকার বাসিন্দাদের অভিযোগ, মাটির পরিবর্তে বালুমিশ্রিত মাটি দিয়ে বাঁধ নির্মাণ এবং বেড়িবাঁধের গোড়া থেকে মেশিন দিয়ে বালি উত্তোলন করায় জোয়ারের পানিতে বেড়িবাঁধের গোড়া থেকে মাটি সরে গিয়ে তা ভেঙে যাচ্ছে । জোয়ারের পানিতে বর্তমানে ১৫ থেকে ২০ টি ঘর বাড়ীসহ বিগত তিন বছরে প্রায় দুই শত পরিবার গৃহহীন হয়েছে ।
সাইট পাড়া বেড়ীবাঁধ ভাঙ্গন রক্ষা না হলে চলতি বর্ষায় প্রায় ৫’শত একর আমন চাষ হুমকির মুখে পড়বে বলে জানান স্থানীয়রা । সাগর পাড়ের মানুষের আত্মচিৎকার এবং উৎকন্ঠায় দিন কাটালেও এ বিষয়ে মাথা ব্যথা নাই ক্ষোধ স্থানীয় জনপ্রতিনিধির । সরেজমিনে গিয়ে দেখাগেছে, মাতারবাড়ী ইউনিয়নের সাইটপাড়ার বেড়িবাঁধের বিভিন্ন স্থানে জিওব্যাগ ধসে পড়ে বাঁধ ভেঙে সাগরে বিলীন হয়ে গেছে ।
জোয়ারে কোথাও কোথাও বেড়িবাঁধের চিহ্নও নেই । বলতে গেলে এক প্রকার জোয়ার ভাটা চলছে । এদিকে সচেতন মহলের ভাষ্যমতে মাতারবাড়ী পশ্চিমে চর থেকে মেশিন দিয়ে প্রতিনিয়ত বালি উত্তোলন করে পাশ্ববর্তী কয়লা বিদ্যুৎ প্রকল্পে নিয়ে যাওয়া হচ্ছে ।
তাই চর থেকে বালি উত্তোলন বন্ধ করতে না পারলে মাতারবাড়ীর বেড়িবাঁধ রক্ষা করা সম্ভব নয় বলে জানান । অস্থায়ী বাঁধ নির্মাণে তদারকি করতে আসা কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের এস ও রিফাতের সাথে কথা হলে তিনি জানান , প্রাকৃতিক দুর্যোগে সাগরে অস্বাভাবিক জোয়ারের পানি বেড়ে যাওয়ায় বেড়িবাঁধটি ভেঙ্গে গেছে ।
তাই কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের জরুরি বরাদ্দ থেকে আপাতত জিওব্যাগ দিয়ে রক্ষা করার চেষ্টা করা হচ্ছে । বেড়িবাঁধের গোড়া থেকে বালু উত্তোলন করলে বাঁধ টেকসই হবে কিনা জানতে চাইলে তিনি এবিষয়ে কোন সদুত্তর না দিয়ে পানি উন্নয়ন বোর্ড থেকে জরুরি বরাদ্দ দিয়ে অস্থায়ীভাবে নির্মাণ করা হচ্ছে বলে জানান ।