আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

মাছের ঘেরের কারণে নষ্ট হচ্ছে রাস্তা, ইউপি ভবনটিও নাজুক

কে এম নজরুল ইসলাম : 
একটা ইউনিয়নের মূল কেন্দ্র হচ্ছে পরিষদ কার্যালয়। অথচ পুরনো একটা খুপরি ঘরে চলছে ফরিদগঞ্জ উপজেলার ১নং বালিথুবা পশ্চিম ইউনিয়ন পরিষদের কার্যক্রম।
বাজারের ভিতরে ইউনিয়ন পরিষদ ভবনটি থাকার কারণে নানান সমস্যায় ভুগছেন কর্মকর্তা কর্মচারী এবং সাধারণ জনগণ। ভবনের প্রবেশ পথটি খুবই সরু। পাশেই ছাগলের হাট। পরিবেশ একদমই যাচ্ছেতাই।
অথচ বেশ সমৃদ্ধ ইউনিয়ন হিসেবে এর ব্যাপক পরিচিতি। এ ইউনিয়নে বহু গুণী মানুষ জন্মালেও এখানে এমন দুটি ওয়ার্ড রয়েছে যেখানে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই। ওয়ার্ড দুটি হচ্ছে ১নং ও ৯নং।
এ ইউনিয়নে একটি রাস্তার জন্য ৩টি ওয়ার্ডের ২৫ হাজার মানুষ দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছে। রাস্তার অভাবে ইউনিয়ন পরিষদে তাদের যাওয়া-আসায় কষ্টের শেষ থাকে না। চান্দ্রা-টুবগি রাস্তাটি প্রশস্ত এবং পাকা করা ৭ ও ৮নং ওয়ার্ডের জনগণের প্রাণের দাবী।
এই দুই ওয়ার্ডের মানুষদের চান্দ্রা বাজার এবং ইউনিয়ন পরিষদে আসার একমাত্র রাস্তা এটি। রাস্তাটি নদী এবং চরে মিলেমিশে আস্তে আস্তে গিলে খাচ্ছে যেন। কোথাও কোথাও রাস্তার দুই পাশ ভেঙে সরু আইলে পরিণত হয়েছে। রাস্তাটি মেরামত করে পাকা হলে চান্দ্রার মানুষ অতি অল্প সময়ের মধ্যে জেলা সদর চাঁদপুরেও পৌঁছতে পারতো।
এই রাস্তাটির কোলঘেঁষে ছোট-বড় মিলিয়ে প্রায় ২০টি মাছের ঘের রয়েছে। এই ঘেরগুলির কারণে রাস্তা টিকিয়ে রাখা সম্ভব হচ্ছে না। সরজমিনে গিয়ে জানা যায়, মোশারফ হোসেন মানিক চৌধুরীর নিজেরই ৮/১০টি ঘের রয়েছে। সেকদি-মদনেরগাঁও ব্রিজের পশ্চিম অংশের কার্পেটিংয়ের কাজ ২০০৪ সালে শেষ হয়। রাস্তা যখন ভালো ছিল তখন এ পথটি ব্যবহার করতো হাজার হাজার মানুষ।
বর্তমানে রাস্তাটির অধিকাংশ অংশ মাছের ঘেরের কারণে মাটি সরতে সরতে হেলে পড়েছে। সড়কটি ভেঙে যাওয়ায় এখন একটি রিক্সাও ঠিকমতো যাতায়াত করতে পারছে না রাস্তা সরু হয়ে যাবার কারণে। অতীতে এখানে রাস্তা ছিল বলে মনেই হয় না।
সেকদি ও মদনেরগাঁও এর বাসিন্দা ইয়াছিন, মোমিন তপাদার ও দেলোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, ‘রাস্তার দুই পাশে প্রায় বিশটি মাছের ঘের রয়েছে। অপরিকল্পিতভাবে ঘেরগুলো তৈরি করার কারণে রাস্তাগুলো ভেঙে গেছে। যদি সাইড ওয়াল দেওয়া হতো, তাহলে রাস্তাটি ঠিক থাকতো।’ তারা আরও বলেন- ধানুয়া, প্রত্যাশী, শোভান এবং বাগড়া বাজারের লোকজনও একসময় রাস্তাটি ব্যবহার করতো।
প্রশাসন এবং জনপ্রতিনিধিদের অবহেলা এবং নজরদারি না থাকার কারণে এমন অবস্থা হয়েছে।
৭নং ওয়ার্ড মেম্বার মো. মানছুর খান বলেন, ‘মাছের ঘেরের কারণে রাস্তাটি নষ্ট হয়ে গেছে। ওরা প্রভাবশালী। আমাদের কথা তারা শুনে না।’
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শফিকুর রহমান বলেন, ‘আমার ইউনিয়নের অধিকাংশ রাস্তাই কাঁচা। তবে চান্দ্রা টু টুবগি রাস্তাটির জন্য আমি প্রস্তাব দিয়েছি। এ রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ তিন ওয়ার্ডের প্রায় ২০ হাজার মানুষ বসবাস করছে।
এ রাস্তার অভাবে তারা ইউনিয়ন পরিষদ এবং বাজারে আসতে পারছে না।’ তিনি আরও বলেন, ‘ইউনিয়ন পরিষদ ভবনটিও করা দরকার।’
উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আবরার আহম্মদ বলেন, ‘পুকুর এবং মাছের ঘের রাস্তা নষ্ট করার অন্যতম প্রধান মাধ্যম। বিষয়টি যথাযথ কর্তৃপক্ষ আমলে নিয়েছেন এবং আমাদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।
আমরা সে অনুযায়ী কাজ করছি। ফরিদগঞ্জ বিশাল এরিয়া। তাই একটু সময় লাগবে। আমরা সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নিবো।’

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ