আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে রোগীর চাপ, মেঝেতেও চিকিৎসা

ব্রাহ্মণবাড়িয়া  প্রতিনিধি,  শেখ রাজেন :

ব্রাহ্মণবাড়িয়ায় ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। জেলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আশঙ্কাজনক হারে বাড়ছে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা।

আক্রান্ত রোগীদের মধ্যে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যাটাই বেশি। রোগীর চাপ এত বেশি থাকায় হাসপাতালের মেঝেতে রেখেই তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

ডায়রিয়া ওয়ার্ডের দায়িত্বরত একজন নার্স বলেন, হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ১৮টি বেড ছিলো। রোগী বাড়ার পর ওয়ার্ডে আরো ১০টি বেড স্থাপন করা হয়েছে। ২৮টি বেডের বিপরীতে  হাসপাতালে নতুন পুরানো মিলে এখন প্রায় ১২০ জন রোগী রয়েছে। তাই রোগীদেরকে বাধ্যতামূলক হাসপাতালের বারান্দায় ফ্লোরিং করতে হয়েছে।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো মাহমুদুল হাসান জানান, ডায়রিয়া আক্রান্তদের চিকিৎসায় স্যালাইনসহ পর্যাপ্ত ওষুধ রয়েছে।

ডায়রিয়া আক্রান্ত থেকে বাচতে চিকিৎসকরা বলছেন, অপরিষ্কার পানি ও খাবার এবং ময়লামিশ্রিত হাত মুখে দেয়ার কারণে শিশুরা ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। এজন্য শিশুদেরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাসহ খাবারের বিষয়ে মায়েদের সাবধান থাকতে হবে।

জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোহাম্মদ ওয়াহীদুজ্জামান বলেন, মূলত সচেতনতার অভাবেই মানুষের ডায়রিয়া হচ্ছে। তিনি বলেন, খাল-বিলের পানি কমতে থাকায় পানির মধ্যে জীবানুর সৃষ্টি হয়েছে। এই পানি ব্যবহারের ফলেই মূলত লোকজনের ডায়রিয়া হচ্ছে। তিনি বলেন, লোকজন পরিষ্কার-পরিচ্ছন্ন থাকলে, সাবান দিয়ে হাত ধোঁয়ার অভ্যাস গড়ে তুললে ডায়রিয়া কমে যাবে। এছাড়াও বাচ্চাদের ব্যাপারে অভিভাবকদের আরো যত্নশীল হতে হবে।

তাদেরকে ধূলা-বালিতে যেতে দেয়া যাবেনা। তিনি হাসপাতালে ডায়রিয়ার রোগী বাড়ার কথা স্বীকার করে বলেন, রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে পর্যাপ্ত পরিমানে স্যালাইন ও ঔষধপত্র মজুদ আছে। রোগীদেরকে বিনামূল্যে ইনজেকশন, স্যালাইন ও খাবার স্যালাইন দেয়া হচ্ছে।

তিনি বলেন, পরিস্থিতি আরো খারাপ হলেও আমরা রোগীদের চিকিৎসা সেবা দিতে প্রস্তুত আছি। প্রয়োজনে ডায়রিয়ার ওয়ার্ডের সংখ্যা বাড়ানো হবে। কোন ডায়রিয়ার রোগীকে হাসপাতাল থেকে ফেরত দেয়া হবে না।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ