মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তুরাগ নদে বৈদ্যুতিক শক ব্যবহার করে মাছ ধরছে কিছু অসাধু মাছ শিকারীরা।
বিদ্যুতের ফাঁদে পড়ে ধ্বংস হচ্ছে নদের দেশি-বিদেশি মাছসহ জলজ প্রাণীকুল। এতে হুমকিতে তুরাগ নদের জীববৈচিত্র্য।
সরেজমিনে দেখাযায়, উপজেলার নামাশুলাই, খালপাড়, দীঘিবাড়ী, বাশতলীসহ নদের বিভিন্ন অংশের দুই পাড় ধরে বিদ্যুতের ফাঁদ দিয়ে অবৈধভাবে মাছ ধরছে অসাধু শিকারীরা।
নৌকার উপর ব্যাটারি দিয়ে তৈরি বিদ্যুৎ উৎপন্নকারী একটি যন্ত্রের সঙ্গে হাতল লাগিয়ে পানির গভীরে ডুবিয়ে দেয়া হয়। এসময় পানিতে একটি বিস্তীর্ণ অংশে বিদ্যুৎ সৃষ্টি হয়।
এর ফলে সে অংশে থাকা মাছ মরে ভেসে উঠে। শুধু মাছ নয় বিদ্যুত শকের কবলে পড়ে মারা যাচ্ছে বিভিন্ন প্রজাতির জলজ প্রাণী। এতে একদিকে যেমন নদী থেকে হারাচ্ছে দেশি-বিদেশি মাছ।
অন্যদিকে ধ্বংস হচ্ছে প্রাণীকুল। তবে এটি বন্ধে প্রশাসনের কোন তৎপরতা নেই বলে জানান এলাকাবাসী।
নদী পাড়ের বাসিন্দা আলম মিয়া, হোসাইন আলী, আব্দুল হামেদ জানান, বিদ্যুৎ দিয়ে এভাবে মাছ ধরায় নদী থেকে দিনদিন মাছ হারিয়ে যাচ্ছে। বিদ্যুতের ফাঁদে পড়ে মারা যাচ্ছে মা মাছসহ অন্যান্য প্রাণী।
এ ব্যাপারে কালিয়াকৈর উপজেলা মৎস কর্মকর্তা সলিমুল্লাহ জানান, বিদ্যুৎ দিয়ে মাছ শিকারের বিষয়টি শুনেছি। আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো।