আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে আন্দোলন করে শ্রমিমরা

আশরাফুল আলম রাকিব :

শ্রীপুরে গোল্ডেন সোয়েটার নামক একটি পোশাক কারখানার শ্রমিকেরা তিন মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা -ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

এ সময় বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালের দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এসআর গ্রুপের গোল্ডেন সোয়েটার নামের ওই কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে থেকে দুই কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

আন্দোলনরত শ্রমিকেরা জানান, শ্রমিকদের তিন মাসের বেতন বকেয়া রয়েছে। এ ছাড়া কারখানার কর্মকর্তাদের তিন মাসের বেতন বকেয়া আছে। একাধিকবার বেতন দেওয়ার আশ্বাস দেওয়া হলেও তাঁদের বেতন দেওয়া হচ্ছে না। সোমবার শ্রমিকদের বেতন পরিশোধ করার কথা থাকলেও কর্তৃপক্ষ তাদের বেতন না দিয়ে টালবাহানা করে। তাই মঙ্গলবার সকল সাড়ে আটটার দিকে শ্রমিকেরা একত্রিত হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ শ্রমিকদের শান্ত করার চেষ্টা করে। এক পর্যায়ে পুলিশ -শ্রমিকদের ধাওয়া পাল্টা শুরু হয়। পুলিশের লাঠি চার্জের মাধ্যমে আন্দোলন ছত্রভঙ্গ হয়ে যায়। পরে বেলা ১১ টার দিকে শ্রমিকেরা সড়ক ছেড়ে দিলে যানবাহন চলাচল শুরু হয়।

গোল্ডেন সোয়েটার কারখানার জেকার্ড বিভাগের অপারেটর জাহিদ হাসান জানান, শ্রমিক ও স্টাফদের তিন মাসের বকেয়া বেতনের দাবিতে তারা মহাসড়ক অবরোধ করেছে।

একই বিভাগের অপারেটর ফারুক ও মুনসুর জানান, তিন মাস ধরে কাজ করেও বেতন পাননি। সময় মতো ঘর ভাড়া পরিশোধ করতে না পারলে বাড়িওয়ালা বাসা থেকে বের করে দেয়।

ওই কারখানার সুপারভাইজার আমিনুল ইসলাম জানান, সকল শ্রমিক ও স্টাফ কর্মকর্তাদের তিন মাসের বেতন বকেয়া রয়েছে। সময় মতো বেতন না পেলে কাজ করা অসম্ভব।

গোল্ডেন সোয়েটার কারখানার কোয়ালিটি বিভাগের সুপারভাইজার ইমরান জানান, তিন মাসের বেতন বকেয়া রয়েছে। বেতন পেতে এ আন্দোলন। এ ব্যাপারে কারখানা কর্তৃপক্ষের সাথে একাধিক বার যোগাযোগ করেও পাওয়া যায়নি।

শ্রীপুর শিল্প পুলিশের ইন্সপেক্টর ইনচার্জ আব্দুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বকেয়া বেতনের দাবিতে ওই কারখানা কর্মরতরা আন্দোলন করে। এক পর্যায়ে পুলিশের সাথে শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ