সরকার সারাদেশে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ নামে বসতঘর নির্মাণ করার সিদ্ধান্ত নেয়। সে অনুযায়ী অস্বচ্ছল পরিবারকে ঘর প্রদানের জন্য উপজেলা পর্যায়ে বর্তমানে কাজ হচ্ছে।
যার রেশ ধরে বেশকিছু মুক্তিযোদ্ধার ঘর নির্মাণের কাজ চলমান রয়েছে ফরিদগঞ্জ উপজেলায়।
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার আছৎকুয়ারী গ্রামের বীরমুক্তিযোদ্ধা আবুল হোসেন জীবিত থাকাকালে একটি ঘরের জন্য আবেদন করলেও এখনও ঘরের বরাদ্দ পাননি।
কিন্তু বীরমুক্তিযোদ্ধা আবুল হোসেন সাম্প্রতিক সময়ে ইন্তেকাল করেছেন। মরহুম বীরমুক্তিযোদ্ধার স্ত্রী রোকেয়া বেগম স্বামীর আবেদন করা স্বপ্নের ঘরের বাস্তব রূপ দেখে যেতে চান।
উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের আছৎকুয়ারী গ্রামের মিজি বাড়ির মৃত আবদুর রহমানের ছেলে বীরমুক্তিযোদ্ধা আবুল হোসেন ২০১৭ সালে মারা যান।
মৃত্যুর পূর্বে তিনি বিভিন্ন প্রয়োজনে বসতঘরের জমি ছাড়া সকল সম্পত্তি বিক্রি করতে বাধ্য হন। তার মৃত্যুর পর তার স্ত্রী রোকেয়া বেগম স্বামীর মুক্তিযোদ্ধা ভাতা পেলেও দিনমজুর তিন সন্তানকে নিয়ে অতিকষ্টে দিনাতিপাত করছেন।
রোকেয়া বেগম জানান, তার ভিটে জমি থাকলেও বসবাসের জন্য ভালো কোনো ঘর করতে পারছেন না।
৫ ছেলের মধ্যে দুই ছেলে চাকুরি করার বদৌলতে নিজেরা থাকছেন। কিন্তু তাদের খোঁজখবর নিচ্ছেন না। বাকি ৩ ছেলের অবস্থা সংকটাপন্ন। তাদের সঙ্গেই থাকতে হচ্ছে ছোট একটি ঘরে। তার স্বামী জীবিত থাকাকালে ‘বীর নিবাসের’ জন্য আবেদন করে ঘর না পেলেও তিনি চলতি বছর পুনরায় আবেদন করেছেন।
তিনি আরো বলেন, আমার স্বামী জীবদ্দশায় চেয়েছিলেন সরকার থেকে ঘর পেয়ে নিজে স্ত্রী সন্তান নিয়ে আশ্রয় পাবেন। কিন্তু অদ্যাবধি তা পূরণ হলো না। আমার স্বামীর শেষ ইচ্ছাটুকু পূরণের জন্য সরকারের কাছে অকুল আবেদন জানাচ্ছি। যাতে করে আমাদেরকে একটি ঘর প্রদান করেন।