মোঃ মুশফিক হাওলাদার, ভোলা প্রতিনিধি:
ভোলা-০৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, বিএনপি একটি সুসংগঠিত দল। এ দলের নেতাকর্মীরা চেইন অব কমান্ড মেনে চলে। এখানে বেয়াদবের কোনো স্থান নেই।
তিনি আরও বলেন, দলীয় শৃঙ্খলা বিরোধী কাজ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আগামী নির্বাচনে বিএনপি যেন সরকার গঠন করতে পারে সেলক্ষ্যে নেতাকর্মীদেরকে সাধারণ ভোটার ও জনগনের সাথে ভালো ব্যবহারের মাধ্যমে মন জয় করতে হবে।
বৃহস্পতিবার রাতে ভোলার লালমোহনের নিজ বাসভবনে উপজেলা পৌর সেচ্ছাসেবক দল ও উপজেলা পৌর ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে দিকনির্দেশনামূলক বৈঠকে তিনি এসব মন্তব্য করেন।
দিকনির্দেশনামূলক বৈঠকের পর তিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো.রেজাউর রহমান শাহিন, যুগ্ম আহবায়ক ইলিয়াস ফরাজি, যুগ্ম আহবায়ক ও সদস্য সচিব মো. আবদুস শহিদ হাওলাদারের নাম ঘোষণা করেন।
এসময় লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব সফিকুল ইসলাম বাবুল, যুগ্ম আহবায়ক প্রিন্সিপাল মো.ফরিদ উদ্দিন, সোহেল আজিজ শাহিন, পৌর বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু, সদস্য সচিব জাকির হোসেনসহ আরও অনেক উপস্থিত ছিলেন।