আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

বাংলা একাডেমির নতুন সভাপতি মানিকগঞ্জের মানিক শামসুজ্জামান খান

 

আমিনুর রহমান, সিংগাইর (মানিকগঞ্জ)

 

বাংলা একাডেমির সভাপতি হিসেবে ৩ বছরের জন্য নিয়োগ পেয়েছেন মানিকগঞ্জের মানিক, সিংগাইর উপজেলার কৃতিসন্তান, বিখ্যাত সাহিত্যিক ও গবেষক শামসুজ্জামান খান। এ নিয়োগের ফলে অধ্যাপক ড. আনিসুজ্জামানের আসনে অধিষ্ঠিত হলেন তিনি।

রোববার (২৮ জুন) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, তিন বছর সভাপতির দায়িত্ব পালন করবেন শামসুজ্জামান খান। সভাপতির দায়িত্ব ও অন্য কার্যাবলী ‘বাংলা একাডেমি আইন-২০১৩’ অনুযায়ী নিয়ন্ত্রিত হবে।

এর আগে ২০১২ সাল থেকে বাংলা একাডেমির সভাপতির দায়িত্ব পালন করেছেন ড. আনিসুজ্জামান। সবশেষ ২৯ জানুয়ারি ২০২০ থেকে ২৮ জানুয়ারি ২০২৩ সাল পর্যন্ত তিন বছর সভাপতি হিসেবে দায়িত্ব পালনের জন্য নিয়োগ পেয়েছিলেন আনিসুজ্জামান। গত ১৪ মে আনিসুজ্জামান মারা যান।

এর আগে ১০ বছর শামসুজ্জামান খান বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শামসুজ্জামান খান ২৯ ডিসেম্বর ১৯৪০ সালে মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার চারিগ্রামে জন্ম গ্রহণ করেন। তাঁর বাবা এমআর খান কলকাতার সরকারী বাড়িতে অনুবাদক হিসেবে কাজ করেছিলেন। তাঁর দাদার দাদা এলহাদাদ খান এবং তাঁর ভাই আদালাত খান ঔপনিবেশিক ভারতে অত্যন্ত প্রশংসিত নামী বুদ্ধিজীবী ছিলেন। শামসুজ্জামান খান মাত্র দুবছর বয়সে বাবাকে হারান। তার মা এবং দাদি তাঁকে লালন-পালন করেন।

তিনি ১৯৫৬ সালে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চারিগ্রাম এস.এ খান উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং ১৯৫৯ সালে ঢাকার জগন্নাথ কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৬৩ এবং ১৯৬৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যথাক্রমে অনার্স এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন ।

পেশাগত জীবনে শামসুজ্জামান খান ১৯৬৪ সালে মুন্সীগঞ্জ হারাগঙ্গা কলেজের বাংলা বিভাগে প্রভাষক হিসাবে যোগদান করেন। একই বছর তিনি জগন্নাথ কলেজে সহকারী অধ্যাপক হিসাবে যোগদান করেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (১৯৬৮-৭৩) এবং বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় (১৯৯৯-২০০১) এরও শিক্ষক ছিলেন তিনি। (১৯৭৩-১৯৯৬) সাল পর্যন্ত বাংলা একাডেমির উপ-পরিচালক ও পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। এরপর তিনি (১৯৯৬-১৯৯৭) সাল পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক এবং (১৯৯৭-২০০১) সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ২৪ মে ২০০৯ সালে তিনি বাংলা একাডেমির মহাপরিচালক নিযুক্ত হন। তাঁর পদের মেয়াদ তিনবার বাড়ানো হয় যা ২৩ মে ২০১৮ সালে শেষ হয়। তিনি বাংলাদেশ জাতীয় জাদুঘর এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন। ১ অক্টোবর ২০১৮ সালে শামসুজ্জামান খান কুষ্টিয়ায় বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ‘বঙ্গবন্ধু চেয়ার’-এর অধ্যাপক পদে নিয়োগ পান।

শামসুজ্জামান খানের সবচেয়ে উল্লেখযোগ্য কর্ম হল ‘বাংলাদেশের লোকজ সংস্কৃতি গ্রন্থমালা’ শিরোনামে ৬৪ খণ্ডে ৬৪ জেলার লোকজ সংস্কৃতির সংগ্রহসালা সম্পাদনা এবং ১১৪ খণ্ডে ‘বাংলাদেশের ফোকলোর সংগ্রহমালা’ সম্পাদনা । বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে অবদানের জন্য ২০০৯ সালে বাংলাদেশ সরকার তাকে ‘একুশে পদকে’ভূষিত করেন। এছাড়াও তিনি ব্যক্তিগত জীবনে আরও অনেক পুরস্কার ও সম্মননায় ভূষিত হয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল-

*অগ্রণী ব্যাংক পুরস্কার (১৯৮৭);
*কালুশাহ পুরস্কার (১৯৮৭);
*দীনেশচন্দ্র সেন ফোকলোর পুরস্কার (১৯৯৪);
*আব্দুর রব চৌধুরি স্মৃতি গবেষণা পুরস্কার (১৯৯৮);
*দেওয়ান গোলাম মোর্তজা পুরস্কার (১৯৯৯);
*শহীদ সোহরাওয়ার্দী জাতীয় গবেষণা পুরস্কার (২০০১);
*মীর মশাররফ হোসেন স্বর্ণপদক (২০০৪);
*বাংলা একাডেমি পুরস্কার;
*স্বাধীনতা পুরস্কার (২০১৭) ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ