আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

বংশী নদীতে বালু উত্তোলনের দায়ে দুইটি ড্রেজারে আগুন 

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার ধামরাই উপজেলার বংশী নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় অভিযান পরিচালনা করে ২টি ড্রেজার মেশিন ও বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ আগুন লাগিয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১৩ মার্চ) দুপুরে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসতিয়াক আহমেদের নেতৃত্বে উপজেলার বালিয়া ইউনিয়নের উত্তর বাস্তা আদর্শ গ্রামের পশ্চিম পাশের বংশী নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, প্রশাসনের নিষেধাজ্ঞার পরেও কিছু অসাধু বালু ব্যবসায়ী বংশী নদীর বিভিন্ন স্থানে নদী তীরবর্তী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন কাজ চালিয়ে আসছিল।

এতে করে নদীর তীর ধ্বংসের পাশাপাশি মেশিনের বিকট শব্দে অতিষ্ঠ হয়ে পড়েছিল আশপাশের গ্রামের মানুষ। সম্প্রতি প্রশাসনের নজর এড়াতে বালু ব্যবসায়ীরা কৌশল পাল্টে রাতভর বালু উত্তোলন চালিয়ে আসছিল।

এরই পরিপ্রেক্ষিতে আজ দুপুরে অবৈধ বালু উত্তোলনবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় বংশী নদীর উওর বাস্তা এলাকায়।

অভিযানকালে ২টি স্যালো ইঞ্জিন দিয়ে তৈরি মিনি ড্রেজার মেশিন ও বিপুল সংখ্যক পাইপ ধ্বংস করে প্রশাসন। এছাড়াও বালু উত্তোলনের স্থানে দেওয়া বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এ ব্যাপারে ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসতিয়াক আহমেদ বলেন, ‘ড্রেজার মেশিনের সাহায্যে অবৈধভাবে বংশী নদীর বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ ধারায় এই দুইটি ড্রেজার মেশিন ও বিপুল পরিমাণ পাইপ গুঁড়িয়ে বিনষ্ট করে দেয়া হয়। ভবিষ্যতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ