আলাউদ্দিন সবুজ. ফেনী জেলা প্রতিনিধি :
গত রবিবার বিকেল অনুমান ৫ টার দিকে পৌরসভার ৭ নং ওয়ার্ড বাঁশপদুয়া সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত মেজবাহ বাঁশপদুয়া এলাকার মফিজুর রহমানের ছেলে। তিনি দিনমজুরের কাজ করতেন বলে জানায় এলাকাবাসী।
স্থানীয়রা জানান, গত রবিবার বিকেলে মেজবাহ সীমান্তের নিকটবর্তী তার নিজস্ব জমিতে ধান কাটতে গিয়ে নিখোঁজ হন। তার পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে হতাশার মধ্যে ছিলেন।
মঙ্গলবার স্থানীয় কিছু লোক আবারো মেজবাহ কে খুঁজতে গিয়ে ভারতীয় সীমান্তের কাঁটাতারের বাইরে২১৬৪ নং পিলারের অধিনে ৯ নং ও ১০ নং সাফ পিলারের মধ্যখানে ঘন জঙ্গলে নিখোঁজ মেজবাহর মৃত দেহ পড়ে থাকতে দেখেন বলে জানান এলাকাবাসী। স্থানীয়রা ব্যাপারটি বিজিবি কে জানায়। খবর পেয়ে গুথুমা ক্যাম্পের বিজিবি দল ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি সংরক্ষিত করে রাখে।যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।
স্থানীয় লোকজনদের সাথে কথা বলে আরো জানা গেছে, বিজিবি সদস্যদের অনুমতি নিয়ে সীমান্তের কাটা তারের কাছাকাছি পর্যন্ত খোজাখুজি করার পর কাটাতারের ১০০ গজ ভিতরে ভারতের সীমানায় লাশ দেখা যায়। কিন্তু ভারতের সীমানায় লাশ পাওয়ায় বিজিবিকে জানানো হয়। বিজিবি স্থানীয় লোকজন কে জানান সীমান্ত জটিলতার কারণে বিএসএফ এর অনুমতি ছাড়া লাশ আনা যাবেনা।
নিহত মেজবাহ’র পরিবারের সদস্যরা জানায়, গত রোববার বিকেলে কাজ করতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে ধান কাটতে বের হন । বিকেল সাড়ে চারটায় দিকে ফোনে কথা হয় মেজবাহ র সঙ্গে। তখনো তিনি জানান, তার কাজ শেষ হয়নি। আসতে দেরি হবে বলে জানান। এরপর রাত ১০টায় আবারও ফোন করা হলে মেজবাহর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
গতকাল বুধবার বেলা ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ভারতীয় সীমান্তে কাঁটাতারের বাইরে মেজবাহ র লাশ পড়ে আছে। এ পাশে বাংলাদেশ সীমান্তে উৎসুক মানুষের ভিড়।
মেজবাহ কে হারিয়ে শোকে আহাজারি করছেন তার পরিবারের সদস্যরা। উপস্থিত পরশুরাম পৌরসভার ৭ নং ওয়ার্ডের কমিশনার নিজাম উদ্দিন চৌধুরী সুমন জানান, তিনিও খবর পেয়েছেন মেজবাহ গত তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন।বুধবার সকালে তাকে খুঁজে পাওয়ার খবর পান। মেজবাহ দিন মুজুরের কাজ করেন। সীমান্তে কোন অবৈধ ব্যবসায় জড়িত নন।
গুথুমা বিজিবি বিওপির নায়েক সুবেদার নজরুল বলেন, ধারণা করা হচ্ছে বিএসএফের নির্যাতনে ওই লোক নিহত হয়েছে। এ বিষয়ে বিএসএফের কাছে তাঁরা চিঠি পাঠিয়েছেন। মরদেহ ভারতের অভ্যন্তরে থাকায় সরাসরি মৃতদেহ নিয়ে আসা যাচ্ছেনা। বিজিবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
এখন পর্যন্ত বিজিবির পক্ষ থেকে পরবর্তী কোন সিদ্ধান্তের খবর পাওয়া যায়নি।