আলাউদ্দিন সবুজ.ফেনী জেলা প্রতিনিধি:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও স্বৈরাচারী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালে গত ৪ আগস্ট আ.লীগের হত্যাযজ্ঞের ঘটনায় এক মাসেও ৬ মামলার প্রধান আসামি ও মূলহোতা নিজাম হাজারীসহ ১৯২৪ আসামির মধ্যে মধ্যে এখনও ১৯১৮ জনই অধরা।এতে পুলিশ ও প্রশাসনের ভূমিকায় ক্ষুব্ধ নিহতদের পরিবার ও স্থানীয়রা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ওই হত্যাযজ্ঞের ঘটনায় ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদ্য সাবেক সাংসদ নিজাম উদ্দিন হাজারী,স্থানীয় পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি, সদর উপজেলা চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল,দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, সোনাগাজী পৌর মেয়র রফিকুল ইসলাম খোকন, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজিব চৌধুরী,জেলা ছাত্রলীগ সভাপতি তোফায়েল আহমেদ তপু সহ বিগত সরকার দলীয় ১ হাজার ৯শত ২৪ ক্যাডারকে আসামি করে এখন পর্যন্ত ফেনী মডেল থানায় ৬টি মামলা দায়ের করা হয়েছে।
এরমধ্যে হত্যাযজ্ঞের এক মাসে তাদের মাত্র ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সম্প্রতি দায়েরকৃত পৃথক এসব মামলায় গ্রেপ্তারকৃত ফেনী পৌরসভার সুলতানপুর এলাকার মোহাম্মদ মমতাজুল হকের ছেলে আ`লীগ নেতা মো. এনামুল হক, সদর উপজেলার মোটবী এলাকার মো. হানিফের ছেলে মো. আলাউদ্দিন,শহরের বারাহীপুর এলাকার মৃত মো. সাদেকের ছেলে যুবলীগ কর্মী শাহাদাত হোসেন শাহীন এবং পৌরসভার ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শিহাবসহ ওই ৬ জনকে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এ তথ্য করে নিশ্চিত করে ফেনী মডেল থানার ওসি মুহাম্মদ রুহুল আমিন বলেন, মামলা দায়েরের পর গত কয়েকদিন ধরে পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
এর আগে ঘটনার দিন অসহযোগ আন্দোলনের সমর্থনে মহিপাল ফ্লাইওভারের নিচে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন আন্দোলনকারীরা। একই সময় শহরের ট্রাংক রোডে পাল্টা অবস্থান নেন নিজাম হাজারীর নেতৃত্বে আ` লীগ ও তাদের সহযোগী সংগঠনের ১৪/১৫ হাজার নেতাকর্মী।
এক পর্যায়ে দুপুর দেড়টার দিকে মহাসড়কেই জামায়াতে যোহর নামাজ আদায়ের জন্য দাঁড়িয়ে যায় আন্দোলনরাী ছাত্র-জনতা।এ খবর পেয়ে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এর কিছুক্ষণ পরই শহরের শহিদ শহীদুল্লাহ্ কায়ছার সড়ক দিয়ে সেখানে গিয়ে প্রকাশ্য নির্বিচারে হত্যাযজ্ঞ চালায় ওই ফ্যসিস্টরা।
এ সময় তাদের ছোড়া গুলি ও ককটেল বিস্ফোরণে আশপাশ প্রকম্পিত হয়ে ওঠে। বিকেল ৫টা পর্যন্ত সেখানে থেমে থেমে এ শব্দ শোনা যায়। একপর্যায়ে মহিপালের পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেয় দূর্বৃত্বরা। এতে় গুলিবিদ্ধ হওয়া ছাড়াও ইটপাটকেলের আঘাতে আন্দোলনকারী শিক্ষার্থী, পথচারী ও সাংবাদিকসহ দেড় শতাধিক আহত ও এখন পর্যন্ত ৯ জন নিহত হয়েছে।
এব্যাপারে জানতে চাইলে ফেনী জেলা জামায়াতের প্রচার সম্পাদক আ ন ম আব্দুর রহিম বলেন,ছাত্র-জনতার উপর এ বর্বরোচিত হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত সকল অপরাধীকে দ্রুত খুঁজে বের করে বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।
ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন,এতদিনেও এ হত্যাযজ্ঞের ঘটনায় হাতেগোনা কয়েকজন চুনোপুঁটি ছাড়া রাঘববোয়ালদের কাউকে পুলিশ গ্রেপ্তার করতে ব্যর্থ হওয়ায় শহিদের পরিবার ও স্থানীয়দের মাঝে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার দানা বাধছে। শীঘ্রই খুনিদের গ্রেপ্তার না করলে এটি আরও জটিল আকার ধারণ করতে পারে।
ফেনীর পুলিশ সুপার মনিরুল ইসলাম পিপিএম জানান,ঘটনার দিনের ভিডিও ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তপূর্বক আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।এছাড়া মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের প্রচেষ্টা অব্যাহত আছে।