ফরিদগঞ্জ উপজেলার ইউপি নির্বাচনে ২নং বালিথুবা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হারুন অর রশিদের আনারস প্রতীকের নির্বাচনী অফিসে হামলা ও ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার বিকেলে ২নং বালিথুবা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শোশাইরচর গ্রামের ক্লিনিক সংলগ্ন আনারস প্রতীকের নির্বাচনী অফিসে এ হামলা হয়। এসময় অফিসের থাকা চেয়ার, টেবিল ও মাইক ভাঙচুর করে হামলাকারীরা।
মো. শফিক, রুবেল, শারমিন ও সুফিয়াসহ স্থানীয় লোকজন বলেন, বিকালে ১০/১৫টি মোটরসাইকেলে চড়ে কয়েকজন দেশীয় অস্ত্র ও পিস্তল নিয়ে আনারসের অফিস ভাউচুর করেন এবং আশেপাশে থাকা লোকজনকে ধাওয়া করে। তাছাড়া হামলাকারীরা হুমকি দিয়ে যায়, কেউ যদি কোনো অভিযোগ করে তাহলে অভিযোগকারীকে মেরে ফেলা হবে।
স্বতন্ত্র প্রার্থী হারুন অর রশিদ বলেন, বিকেলে আমার আনারস প্রতীকের নির্বাচনী অফিসে ১০-১২ জন কর্মী ও সমর্থক নির্বাচনের প্রচারণার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় বিকেল ৪টার দিকে আমার প্রতিপক্ষ নৌকা প্রতীকের প্রার্থী জি এম তাবাচ্ছুম তার সন্ত্রাসী বাহিনি দিয়ে শোশাইরচর গ্রামে আমার অফিসে অতর্কিত হামলা চালিয়ে ভাঙচুর করে।
আমার কর্মী-সমর্থকরা বাধা দিতে গেলে তাদেরকে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া করে অফিসের আনারস প্রতীকের পোস্টার ছিড়ে ফেলে এবং অফিস ভাঙচুর করে এবং হুমকি-ধমকি দিয়ে চলে যায়।
স্বতন্ত্র প্রার্থী হারুন অর রশিদ এই ঘটনার বিচার চেয়ে বলেন, প্রতিপক্ষের এমন ন্যাক্কারজনক ঘটনায় নির্বাচনী পরিবেশ নষ্ট হচ্ছে। তারা প্রকাশ্যে জোর করে ভোট নেওয়ার হুমকি দিচ্ছে। তাদের হুমকিতে বালিথুবার সকল ভোটার, আমি এবং আমার কর্মী সমর্থকরা শঙ্কিত।
ঘটনার বিষয়টি অস্বীকার করে নৌকা প্রতীকের প্রার্থী জি এম তাবাচ্ছুম জানান, আমি বিকেল থেকে সরখাল প্রাথমিক বিদ্যালয়ে কর্মীদের নিয়ে সমাবেশে ছিলাম। সে তার নিজেদের কর্মী দিয়ে তার অফিস ভেঙ্গেছে। আমার কোনো লোক এই কাজ করে নাই।
উপজেলা রিটার্নিং কর্মকর্তা আশিক জামিল মাহমুদ জানান, আমাদের কাছে এখনও কোনো অভিযোগ আসে নাই। বিষয়টি আমি শুনেছি। আমি থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহেবকে জানিয়েছি ঘটনাস্থলে আমাদের টিম পাঠানোর জন্য। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।