আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

পর্যটক ভারে আক্রান্ত হচ্ছে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন

আবু বক্কর ছিদ্দিক , সেন্টমার্টিন থেকে ফিরেঃ

বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে পর্যটক ভারে আক্রান্ত হচ্ছে প্রতিনিয়ত । পর্যটক ঠেকাতে না পারলে অচিরেই ধ্বংস হতে পারে এই দ্বীপটি ।

পর্যটকদের ভিড় লাগামহীনভাবে বাড়তে থাকায় সেখানকার পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক ভাবে হুমকির মুখে পড়েছে ।

সেন্টমার্টিন দ্বীপে প্রতিদিন অনিয়ন্ত্রিত পর্যটকদের যাতায়াত, অপরিকল্পিত স্থাপনা নির্মাণ, পরিবেশ দূষণ, পর্যটকদের অসচেতনতা এবং দায়িত্বজ্ঞানহীন আচরণের কারণে সেখানকার প্রতিবেশ ও জীব-বৈচিত্র্য ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হচ্ছে ।

বিগত কয়েক বছর ধরে শুধু পর্যটকদের কারনেই দ্বীপটির পরিবেশ ক্রমেই অবনতির দিকে যাচ্ছে বলে জানান পরিবেশ অধিদফতরের কর্মকর্তারা ।

এর প্রভাবে দ্বীপটির প্রবাল, শৈবাল, সামুদ্রিক কাছিম, লাল কাঁকড়া, শামুক, ঝিনুকসহ নানা জলজ প্রাণী এবং জীব-বৈচিত্র্য এখন বিলুপ্ত হওয়ার উপক্রম দেখা দিয়েছে ।

সেন্টমার্টিন দ্বীপে সব ধরনের স্থাপনা নির্মাণের ব্যাপারে সরকারি ভাবে নিষেধাজ্ঞা সত্যেও তা অমান্য করে তৈরি করা হচ্ছে বিভিন্ন রিসোর্ট, হোটেল, মোটেল ।

এই দ্বীপে মোটরসাইকেল , রিক্সা , টমটম এবং বাইসাইকেল চালানো নিষেধ থাকলেও তা উপেক্ষা করে চলাচল করছে এসব যানবাহন । তাছাড়া সব জায়গায় যত্রতত্র প্লাস্টিকের বর্জ্য ফেলা, ভারী জেনারেটর, পাম্প পরিচালনা,

পাথর তোলা, সৈকতের বালি অপসারণসহ এসব কারনে পরিবেশ-প্রতিবেশ ধ্বংস করা হচ্ছে প্রতিনিয়ত । সেন্টমার্টিন দ্বীপে প্রতিদিন প্রায় ৮ থেকে ১০ হাজার পর্যটকের সমাগম হয় বলে জানান সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা ।

সেন্টমার্টিনে প্রতিদিন যে হারে পর্যটক যাচ্ছে তা নিয়ন্ত্রণ করা না গেলে বাঁচানো যাবে না এই প্রবাল দ্বীপ । জীব-বৈচিত্র্য রক্ষায় ৯৯ সালে সেন্টমার্টিন দ্বীপকে সরকার পরিবেশগত সংকটাপন্ন এলাকা-ইসিএ ঘোষণা করেছিল । জীব-বৈচিত্র্য রক্ষায় কাগজে কলমে আইন থাকলেও তা বাস্তবায়ন নেই ।

সেন্টমার্টিন দ্বীপে সরজমিন গিয়ে দেখা যায় অসংখ্য পর্যটক যে যার মত করে চলাফেরা করছে । সৈকতে যত্রতত্র ভাবে ফেলা হচ্ছে বিভিন্ন খাদ্যের খোসা । নিষেধাজ্ঞা থাকা সত্যেও সৈকতে দল বেঁধে চালাচ্ছে বাইসাইকেল ।

৮ বর্গকিলোমিটারের এই দ্বীপে প্রায় সাড়ে ৮ হাজার স্থায়ী বাসিন্দার মধ্যে ২ শত উপরে রয়েছে হোটেল মোটেল রিসোর্ট । ফলে অতিরিক্ত পর্যটকের ভারে আক্রান্ত হচ্ছে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন ।

নারিকেল জিঞ্জিরা নামে পরিচিত এই সেন্টমার্টিন দ্বীপে পর্যটক নিয়ন্ত্রণ করতে না পারলে পরিবেশ , জীব-বৈচিত্র্য তো ধ্বংস হবেই একই সাথে এই প্রবাল দ্বীপটি যে কোন মুহুর্তে সাগরে বিলিন হয়ে যাওয়ার আশংকা করছেন পরিবেশবাদীরা ।

সেন্টমার্টিন দ্বীপ রক্ষায় পরিবেশ অধিদফতর ১৪টি বিধিনিষেধ জারি করলেও কোনটিই মানছেন না সেন্টমার্টিনে আগত পর্যটক ও স্থানীয়রা । সেন্টমার্টিন দ্বীপে আব্দু শুক্কুর নামের স্থানীয় এক ক্ষুদ্র ব্যবসায়ী জানান , পর্যটকের কাছে স্বয়ং দায়িত্বরত সরকারী বাহিনীও অসহায় ।

সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপে পর্যটক সম্পুর্ণ নিষিদ্ধ করা হলেও তা উপেক্ষা করে এই দ্বীপে যাতায়াত করছে পর্যটকরা । তাতে কোস্ট গার্ডের কর্মকর্তারা এই দ্বীপে যেতে নিষেধ করলে কিছু উচ্চপদস্থ কর্মকর্তাদের নিকট আত্বীয়গন পর্যটক হয়রানী করছে বলে উপরে অভিযোগ করে বসেন ।

এতে উপর বিভাগের কর্মকর্তারা তাদের ক্ষমতার অপব্যবহার করে খবর নিয়ে দ্বীপে দায়িত্বরত ঐ কর্মকর্তাদের সেন্টমার্টিন দ্বীপ থেকে শাস্তি মুলক ভাবে প্রত্যাহার করা হয় ।

একারনে পর্যটকের কাছে অনেকটা অসহায় বোধ করেন দ্বীপ রক্ষায় দায়িত্বরত সরকারী বাহিনীও , এমনটি জানান দ্বীপের ক্ষুদ্র ব্যবসায়ী আব্দু শুক্কুর ।

তিনি আরও জানান , দ্বীপটি এক সময় বিশাল আকারে ছিল এখন আস্তে আস্তে দ্বীপের আয়তন ছোট হয়ে আসছে । অতিরিক্ত পর্যটক যাতায়াতের কারনে নতুন করে আর কোন গাছ তো জন্মাচ্ছে না বরং আগের যে গাছ গুলো ছিল তাও কমে যাচ্ছে ।

একারনে সমুদ্রের ঢেউয়ে দ্বীপের চতুর্পাশে ভাঙ্গণ সৃষ্টি হয়েছে বলে মনে করেন সচেতন মহল ।

কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক শেখ মোহাম্মদ নাজমুল হুদা বলেন , সেন্টমার্টিন দ্বীপ দেখভালের জন্য একজন অফিসার রয়েছেন ওনিই দ্বীপের বিষয়ে সব কিছু জানবেন ।

ছেঁড়াদ্বীপে পর্যটক নিষিদ্ধ থাকা সত্বেও যাতায়াত করা খুবই দুঃখজনক তবে ওখানে পর্যটক বন্ধে আরো কঠোর পদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ